২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ‘ড্রাগ লর্ড’ বাজ মোহাম্মদকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

আফগান ‘ড্রাগ লর্ড’ বাজ মোহাম্মদকে মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়েছে। তিনিই প্রথম আফগান নাগরিক, যাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বলে নিউ ইয়র্কের কৌসুলিরা জানিয়েছেন। তালেবানদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাজ মোহাম্মদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের হেরোইন পাচারে একটি আন্তর্জাতিক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে।

অভিযোগস্বরূপ বলা হয়েছে, আমেরিকায় হেরোইন বিক্রির মাধ্যমে তিনি আমেরিকার বিরুদ্ধে ‘জিহাদ’-এ অংশ নিয়েছিলেন।

৪৭ বছর বয়স্ক মোহাম্মদ অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। বিচারে অভিযুক্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।

তাকে গত সপ্তাহের শেষে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হলেও মার্কিন ফেডারেল কৌসুলি সোমবার এ ঘোষণা দেন।

মোহাম্মদের বিরুদ্ধে ১৯৯০ সাল থেকে মার্কিন মাদক আইন লঙ্ঘনের দুটি অভিযোগ রয়েছে।

ম্যানহাটন ফেডারেল কোর্টের সূত্র অনুযায়ী মোহাম্মদ আফগানিস্তানের নংঘর প্রদেশে আফিম চাষ নিয়ন্ত্রণ করত। এরপর তা হেরোইনে প্রক্রিয়াজাত করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করত।

কৌসুলিরা তালেবান শাসকদের সঙ্গে মোহাম্মদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন।

আগামী নভেম্বরে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।