ইরাকে ২০০৫ সালে গেরিলা হামলায় নিহত ৪,৩০৮
ইরাকে ২০০৫ সালের প্রথম নয় মাসে সন্ত্রাসী হামলায় ৪,৩০০ ইরাকি নিহত হয়। এদের মধ্যে শতকরা সত্তর ভাগই বেসামরিক লোক। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
২০০৩ সালের মার্চে মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন জোট বাহিনীর ইরাক আক্রমণের পর থেকে এ পর্যন্ত কতজন মারা গেছে তার তালিকা করা সম্ভব হয়নি। তবে মিডিয়াতে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেব অনুযায়ী, ইরাক আক্রমণের পর কমপক্ষে ২৫ হাজার ইরাকি নিহত হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানে ৯৫৬ জন পুলিশ, ৩৭৬ জন সেনা সদস্য এবং ২,৯৭৬ জন বেসামরিক ইরাকি নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
জুলাই মাসে আরেকটি গ্রুপের রিপোর্টে দেখা যায়, প্রথম দু’বছরে ইরাক যুদ্ধে মৃতের সংখ্যা ২৫ হাজার। এদের মধ্যে মার্কিন বাহিনীর হাতে শতকরা ৩৭ ভাগ, গেরিলাদের সাথে সংঘর্ষে শতকরা ৩৬ ভাগ এবং জঙ্গি হামলায় শতকরা নয় দশমিক পাঁচ ভাগ নিহত হয়।
