শতাধিক যাত্রী নিয়ে নাইজেরিয়ার বিমান নিখোঁজ
নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস থেকে বেলভিউ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শনিবার মধ্যরাতে ১১৪ জন যাত্রী ও ক্রু নিয়ে উড্ডয়নের পর থেকেই নিখোঁজ রয়েছে।
নাইজেরিয়ার সরকারি বিমান বন্দর কর্তৃপক্ষ এ খবরের সত্যতা স্বীকার করেছে।
নাইজেরিয়ার জাতীয় বিমান বন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, তারা নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন।
১০৮ জন যাত্রী নিয়ে বিমানটি বাণিজ্যিক রাজধানী লাগোস থেকে রাজধানী আবুজার দিকে যাচ্ছিল।
নাইজেরিয়ার সরকারি সংবাদ সংস্থাও বিমানটি নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে।
বেলভিউ এয়ারলাইন্সের ২১০বিমানটি শনিবার স্থানীয় সময় ২০৪৫টায় (১৯৪৫ জিএমটি) ১০৮ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে উড্ডয়ন করে। অদৃশ্য হওয়ার আগে বিমানটি লাগোসের ২৫ কিলোমিটার পশ্চিমের আটলান্টিক মহাসাগরের উপর অবস্থান করছিল।
স্থানীয় একটি বিমান স্টেশন জানিয়েছে, বিমানটি অদৃশ্য হওয়ার পরপরই রাডারের পর্দায় একটি বিপজ্জনক সংকেত আসে।
ফেডারেল এয়ারপোর্ট অথরিটি অব নাইজেরিয়ার মুখপাত্র জাইদ ইবিনোলা জানান, বিমানটির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে বস্তুনিষ্ঠ কোন তথ্য নেই।
দেশটির বেসরকারি বিমান পরিবহন কোম্পানি বেলভিউ এয়ারলাইন্স বোয়িং ৭৩৭ বিমান দিয়ে পশ্চিম আফ্রিকার প্রতিটি রুটেই বিমান পরিচালনা করে।
