সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন
সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচার প্রক্রিয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১৯৮২ সালে ১৪৩ জন শিয়া ধর্মাবলম্বীকে হত্যার অভিযোগে ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনসহ তার সাত সহযোগীকে বুধবার আদালতে হাজির করা হবে।
সাদ্দমের আইনজীবী খলিল দুলাইমি বিচার প্রক্রিয়াকে অবৈধ বলে উল্লেখ করেছেন। তিনি আদালত মুলতবি রাখার জন্য কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন। তিনি সাদ্দামকে ‘এখনও আশাবাদী’ বলে উল্লেখ করেন।
বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিশেষভাবে নির্মিত বিচারকক্ষে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
টেলিভিশন ক্যামেরায় পুরো বিচার কাজ ধারণ করা হবে।
এদিকে সাবেক নেতার অনুসারীরা বিচারের প্রথম দিন হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।
বাথ পার্টি ইন্টারনেটের মাধ্যমে সমর্থকদের গুলি ও মর্টার হামলা চালানোর মাধ্যমে সাদ্দামকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।
দুলাইমি বলেন, বিচার শুরু হওয়ার পর তিনি আত্মরক্ষার জন্য সাদ্দামকে আরও সময় দিতে কমপক্ষে তিন মাসের জন্য আদালত মুলতবি রাখার আবেদন জানাবেন।
আদালত কর্মকর্তারা বলেন, আইনি বিতর্কের মাধ্যমে মূলতবি করা যেতে পারে। কিন্তু তা কতদিনের জন্য সেটা স্পষ্ট নয়।
পাঁচজন বিচারক সাদ্দামের বিচার করবেন। বিচারকদের পরিচয় গোপন রাখা হয়েছে।
বিচারকক্ষে স্বল্প সংখ্যক পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকলেও বাইরের কোন লোককে সেখানে থাকতে দেওয়া হবে না।
বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়াপ্রধান দুজেলে কেবল শিয়া হত্যা নয়, সাদ্দামের বিরুদ্ধে ১৯৮৮ সালের মার্চে কুর্দি হালাবজা গ্রামের ৫ হাজার মানুষকে গ্যাস প্রয়োগের মাধ্যমে হত্যা এবং প্রথম উপসাগরীয় যুদ্ধের পর শিয়া বিদ্রোহ দমনের অভিযোগও উত্থাপন করা হবে।
ইরান মঙ্গলবার বলেছে, তারা কোর্টে ১৯৮০-৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধে রাসায়ণিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উত্থাপন করতে চায়।
মানবাধিকার সংগঠনগুলোও সাদ্দামের বিচারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে ইরাকের বিশেষ ট্রাইবুনাল নিরপেক্ষ বিচার পরিচালনায় আন্তর্জাতিক মাপকাঠি লঙ্ঘন করছে বলে উল্লেখ করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টান্যাশনাল বলেছে, তারা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ বিচার করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করতে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার বিরোধিতা করতে বাগদাদে তিনজন প্রতিনিধি প্রেরণ করবে।
