পাকিস্তানের ভূমিকম্প পরিকল্পনার প্রশংসা করেছে ভারত
বিভক্ত কাশ্মিরের অধিবাসীদের ৮ অক্টোবরের ভূমিকম্প-আক্রান্ত আত্মীয়-স্বজনকে খুঁজে বের করার সহায়তার অংশ হিসেবে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) খুলে দেওয়ার যে পরিকল্পনার কথা বলেছে, প্রতিবেশী ভারত তাকে স্বাগত জানিয়েছে।
পুনর্গঠন তৎপরতার গতি ত্বরান্বিত করবে এমন সম্ভাবনা থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভারতকে নিয়ন্ত্রণ রেখা খুলে দেওয়ার প্রস্তাব দেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নভতেজ শর্ণা বলেন, ভারত নিয়ন্ত্রণ রেখা নিয়ে যে বৃহৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটি তার সাথে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ।
ভূমিকম্পে ৪০ হাজারেরও বেশি লোকের প্রাণহানির নিশ্চয়তা করা হয়েছে।
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মিরের পুরোপুরি মালিকানা দাবি করে আসছে এবং কাশ্মিরকে নিয়ে তারা দুইটি যুদ্ধে মুখোমুখি হয়েছে। ২০০৪ সালে দেশ দুটির মধ্যে শান্তি আলোচনা শুরু হয়।
নিয়ন্ত্রণ রেখা খুলে দিলে তা ত্রান ও উদ্ধার তৎপরতার গতি উল্লেখযোগ্য হারে ত্বরান্বিত করবে বলে জানা গেছে।
ভূমিকম্পের পরপরই হেলিকপ্টারে পরিবহন করে ত্রান উপদ্রুত এলাকায় পৌঁছে দিতে ভারত পাকিস্তানকে প্রস্তাব দিলে পাকিস্তান তাতে অসম্মতি জানিয়েছিল। পাকিস্তানের বক্তব্য, হেলিকপ্টার ভারতের হলেও পাকিস্তানি পাইলটরা তা পরিচালনা করবে।
জাতিসংঘ বলেছে, ভূমিকম্পের পর এক সপ্তাহেরই বেশি সময় পেরিয়ে গেলেও পাঁচ লাখ লোকের কাছে এখনও কোন সহায়তা পৌঁছায়নি। ত্রান কাজে প্রয়োজনের মাত্র পাঁচ শতাংশ সহায়তা জাতিসংঘের কাছে পৌঁছেছে বলে সংস্থাটি জানিয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে মৃতের সংখ্যা ৫৪ হাজার পেরিয়ে গেছে। অপরদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে মৃতের সংখ্যা ১,৪০০ বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের পরিকল্পনা ভারত খুব দ্রুত স্বাগত জানিয়েছে। এর আগে ভারত পাকিস্তানে বেশ কয়েকটি বিমানে করে ত্রান পাঠিয়েছে।
মুখপাত্র শর্ণা বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ত্রান তৎপরতা ও সেখানকার অধিবাসীদের মধ্যে যোগাযোগ স্থাপন প্রতিষ্ঠার ব্যাপারে ভারত যে বৃহৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে, পাকিস্তানের প্রস্তাব তার সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।
তিনি বলেন, ভারত উল্লেখিত সুবিধাদি দিতে চায়। তবে পাকিস্তানের ইচ্ছার ব্যাপারে বাস্তব সম্মত পরিকল্পনা বিস্তারিত জানার পূর্ব পর্যন্ত ভারত সরকার এখনও অপেক্ষায় রয়েছে।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ পরিদর্শন শেষে প্রেসিডেন্ট মোশাররফ ভারতকে নিয়ন্ত্রণ রেখা খুলে দেওয়ার প্রস্তাব দেন।
পরিদর্শনকালে মোশাররফ বলেন, নির্ধারিত যোগাযোগ সড়ক ছাড়াও শ্রীনগর ও মুজাফ্ফরবাদের মধ্যে বিভিন্ন সড়ক দিয়ে কাশ্মিরীরা সড়ক অতিক্রম করতে পারবে।
মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যনির্বাহী পরিচালক জেমস মরিস বলেন, তারা এ যাবৎকালের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। দুর্গতদের উদ্ধারের সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে বলে তিনি জানান।
