ক্রিকেটে ভিডিও প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির বিপক্ষে কোয়ার্টজেন
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ আম্পায়ার রুডি কোয়ার্টজেন ক্রিকেট ভিডিও প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির বিপক্ষে মতামত দিয়েছেন।
কোয়ার্টজেন (৫৬) অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আইসিসি বিশ্ব একাদশের মধ্যে ছয়দিনের একমাত্র টেস্টটিতে প্রধান দুই আম্পায়ারের একজন হিসেবে দায়িত্ব পালন করেন।
আইসিসি সুপার সিরিজের একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টেস্ট ম্যাচটিতে সন্দেহজনক আউটগুলোর ক্ষেত্রে বেশ কয়েক বার ভিডিও’র ব্যবহার করার জন্য থার্ড আম্পায়ারের শরনাপন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আম্পায়ারিং করতে মাঠে নামার আগে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কোয়ার্টজেন বলেন, আমরা সবাই ভুল করি। তবে আম্পায়ারদের চেয়ে খেলোয়াড়রা আরও বেশি ভুল করে।
তিনি বলেন, আর তাই ভুল করার দায়িত্বটা আম্পায়ারদের উপরই ছেড়ে দেওয়া উচিত। আমাদের ভুল করার মাঝেই বেঁচে থাকতে হবে।
ভিডিও ব্যবহার সম্পর্কে কোয়ার্টজন বলেন, পরীক্ষামূলকভাবে এখন ভিডিও’র সহায়তা নেয়া হচ্ছে। তবে এটা কতদিন চলবে কে জানে? তবে আমি আশা করছি, এটা বেশি দূর এগোবে না।
১৯৯২ সালে টেস্ট ক্রিকেটে তার আম্পায়ারিং ক্যারিয়ার শুরু হয়। এ পর্যন্ত তিনি ৬৬টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন।
অবশ্য বিশ্ব একাদশ ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বিতর্ক এড়াতে ভিডিও ব্যবহারে আইসিসি’র নেয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার ভাষায়, এটি বেশ কার্যকরী।
