ইরানের ব্যাপারে ব্রিটেনের সহায়তা চেয়েছেন রাইস
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার ব্রিটেনের চেকার্সে ইরানের ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে বৈঠক করবেন।
ইরানকে তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনায় ফিরিয়ে আনতে দেশটিকে রাজি করানোর পক্ষে সমর্থন আদায়ের উদ্দেশ্যে রাইস ইউরোপের বিভিন্ন দেশ সফর করছেন।
ফ্রান্স, রাশিয়া সফর শেষে রাইস শনিবার ব্রিটেনে পৌঁছান।
কন্ডোলিৎসা রাইস বলেছেন, ইরানের উচিত ইরাকের জঙ্গি তৎপরতায় সমর্থন দেওয়া বন্ধ করা।
ইরান ইরাককে কারিগরি সহায়তা দেওয়ার মাধ্যমে বিদ্রোহী তৎপরতায় সমর্থন যুগিয়ে যাচ্ছে বলে ব্রিটেনের ধারনা।
শনিবার লন্ডনে আসার পর রাইস বলেন, ব্রিটিশরা এ ক্ষেত্রে সঠিক বলে আমার বিশ্বাসের পক্ষে যুক্তি রয়েছে। এই ইস্যুটিতে আমি ব্রিটিশদের বিশ্বাস করি, কারণ ব্রিটিশরা ইরাকের দক্ষিণাঞ্চলে অভিযান পরিচালনা করছে। তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভাল জানেন।
রাইস বলেন, ইরানের উচিত ইরাককে এ ধরনের সহায়তা প্রদান থেকে বিরত থাকা এবং ইরাকের একজন ভাল প্রতিবেশী হওয়া।
কিন্তু লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. সাঈদ মোহাম্মেদ হোসেইন আদেইল ব্রিটিশ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার দেশ ইরাকে ব্রিটিশ সেনাদের ওপর সন্ত্রাসী হামলাকে সমর্থন করে না।
ইরানের সরবরাহকৃত অস্ত্র ইরাকে মোতায়েনকৃত ব্রিটিশ সেনাদের হত্যার কাজে ব্যবহৃত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, ড. সাঈদ তা অস্বীকার করেন।
ইরান তার পরমাণু কর্মসূচির সমালোচনার জবাব হিসেবে ইরাকে সংঘাত সৃষ্টি করছে বলে যে অভিযোগ উঠেছে, ড. সাঈদ সে অভিযোগও অস্বীকার করেন।
