২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মির সীমান্ত খুলে দিতে আজাদ কাশ্মির নেতা সিকান্দার খানের আবেদন

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির নেতা সরদার সিকান্দার হায়াত খান ভূমিকম্প পীড়িতদের উদ্ধার ও ত্রাণ কাজের সুবিধার জন্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সীমান্ত খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি বলেন, এ ব্যাপারে পাকিস্তান সরকারের বাধা দেওয়া উচিত হবে না।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শাসক দল পিডিপি নেতা মেহবুবা মুফতি বলেছেন, তিনি ভারতকেও একই প্রস্তাব দেবেন।

ভূমিকম্পে ৩৮ হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে বলে পাকিস্তান সূত্রে জানা গেছে। এ সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। কেননা উদ্ধারকর্মীরা এখনও অনেক গ্রামে প্রবেশ করতেই পারেনি। তাছাড়া বৈরি আবহাওয়ার কারণে ত্রাণ ও উদ্ধার কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে।

পাকিস্তানের সর্বশেষ গণনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজারে দাঁড়িয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে কমপক্ষে এক হাজার চারশ’ লোক নিহত হয়েছে।

ত্রাণ সংস্থাগুলো প্রতিকূল আবহাওয়ার কারণে গৃহহারা, বিশেষ করে শিশুদের শোচনীয় অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমাদ খান শেরপাও বলেন, গৃহহীন লোকের সংখ্যা প্রায় তিন দশমিক ৩-এ উন্নীত হয়েছে।

তিনি বলেন, ভূমিকম্পে পাকিস্তানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।

জাতিসংঘের শীর্ষ ত্রাণ সমন্বয়কারী জান ইজল্যান্ড বলেছেন, ত্রাণ সহায়তার জন্য কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন।

শনিবার সৌদি আরব, পাকিস্তানকে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নেতা বলেন, মানুষগুলোকে বাঁচানোর জন্য সহযোগিতার প্রয়োজন ছিল।

সরদার সিকান্দার হায়াত খান বলেন, কাশ্মিরকে বিভক্তকারী লাইন অব কন্ট্রোল-এর নিকটবর্তী অনেক এলাকায় এখনও পাকিস্তানি উদ্ধার ও ত্রাণ কর্মীরা পৌঁছাতেই পারেনি। একইভাবে ভারতও অনেক এলাকায় প্রবেশ করতে পারছে না। তাই সীমান্ত খুলে দিলে দুই পক্ষের লোকজনেরই সুবিধা হবে। এতে করে দুই দেশের মধ্যকার সম্প্রীতির নিদর্শনও তৈরি হবে।

এর আগে ভারতের দেওয়া সাহায্য প্রস্তাবকে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ স্বাগত জানালেও এর সঙ্গে ‘স্পর্শকাতর’ বিষয় জড়িত রয়েছে বলে তা মেনে নিতে রাজি হননি।

পিডিপি নেতা মেহবুবা মুফতি বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সাহায্যের প্রস্তাবে প্রেসিডেন্ট মোশাররফ রাজি হলে ভূমিকম্পে অনেকের জীবন বাঁচানো সম্ভব হতো।

তবে তিনি এও বলেন, পাকিস্তান যদি একই প্রস্তাব দিত, তাতে যে আমরা রাজি হতাম এমন কথা নিশ্চিত করে বলতে পারছি না।

তিনি ভারত ও পাকিস্তান একে অপরের কাছ থেকে কয়েকটি গ্রাম ভাগাভাগি করে নিয়ে সংস্কার কাজ চালাতে পারে বলে পরামর্শ দিয়েছেন।