ইইউ পশু চিকিৎসকরা বার্ড ফ্লুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি হয়েছেন
ইউরোপীয় ইউনিয়নের পশু চিকিৎসকরা সদস্য দেশগুলোতে মারাত্মক বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ব্যাপারে একমত হয়েছেন।
তুরস্কে বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর দুই দিনের এক জরুরি বৈঠকে পশু চিকিৎসক বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উপনীত হন।
এই ব্যবস্থায় ইইউভুক্ত ২৫টি দেশের খামারগুলোতে জৈব নিরাপত্তা শক্তিশালী করতে এবং বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পূর্ব শনাক্তকরণ প্রক্রিয়া চালু করার ওপর গুরুত্বারোপ করা হবে।
তবে ভাইরাসটি জনস্বাস্থ্যের জন্য এখনও হুমকিস্বরূপ নয় বলে পশু চিকিৎসকরা জানিয়েছেন।
রোমানিয়ার দু’টি গ্রামেও বার্ড ফ্লু’র বিস্তার লক্ষ্য করা গেছে। তবে এখনও তা নিশ্চিত করা হয়নি।
তুরস্কের মত রোমানিয়াতেও প্রাণঘাতী এইচ ৫ এন ১ রোগটির সংক্রমনের জন্য দায়ী কিনা আগামী কয়েক দিনের পরীক্ষা শেষে তা জানা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইইউ’র বিশেষজ্ঞরা বলেছেন, গৃহপালিত ও বন্য পশুদের মধ্যে সংশ্রব রোধে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
ইতোমধ্যে ইউরোপীয় কমিশন তুরস্ক ও রোমানিয়া থেকে জীবিত পাখি এবং পোল্ট্রি সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউরোপীয় দেশগুলোকে অ্যান্টি ভাইরাল ওষুধ মজুত রাখার পরামর্শ দেয়া হয়েছে।
বার্ড ফ্লুর প্রাথমিক প্রতিষেধক তামিফ্লুর উৎপাদন বছরের শেষ নাগাদ দ্বিগুণ করা হবে বলে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান রোশ জানিয়েছে।
