গুয়ানতানামো বন্দিদের সঙ্গে আরও বেশি সাক্ষাৎ করতে চান আইনজীবীরা
গুয়ানতানামো বে’তে অনশনরত বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ আরও বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তাদের আইনজীবীরা। তারা বন্দিদের শারীরিক অবস্থার রেকর্ডও দেখতে চেয়েছেন।
এছাড়াও তাদেরকে যেন টেলিফোনে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে দেওয়া হয় সে অনুরোধও জানিয়েছেন।
বাদি পক্ষের আইনজীবীরা বিচারককে ৩০ জন বন্দিকে জোরপূর্বক খাবার খাওয়ানো হয়েছে বলে জানালেও সরকারি পক্ষের আইনজীবী টেরি হেনরি বলেন, মাত্র ৭ জন বন্দিকে হাসপাতালে জোর করে খাবার খাওয়ানো হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
এদিকে আরও ১৭ জন বন্দি খাদ্য ও পানি খেতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা গেছে।
হেনরি বলেন, এদের মধ্যে কয়েকজনকে নলের সাহায্যে খাবার দেওয়া হচ্ছে। তবে তিনি বন্দিদের সঙ্গে অমানবিক এবং নিষ্ঠুর আচরণের কথা অস্বীকার করেন।
মার্কিন জেলা বিচারক গ্ল্যাডিস কেসলারকে তিনি বলেন, গুয়ানতানামোতে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
১০ জন সৌদি বন্দির আইনজীবী জুলিয়া তারভার কোর্টে বলেন, আইনজীবীদের বন্দিদের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ করার সুযোগসহ শারীরিক অবস্থার রেকর্ড দেখার সুযোগ চেয়েছেন। মাসে একবার করে দেখা করার সুযোগ পর্যাপ্ত নয় বলে তিনি বিচারককে বলেন।
তারভার সম্প্রতি গুয়ানতানামো বে পরিদশর্নের কথা উল্লেখ করে বলেন, হাসপাতালের অবস্থা হতাশাজনক। সেখানে রোগীদের ঠিকমত তদারক করা হচ্ছে না। চিকিৎসা যন্ত্রপাতিরও অভাব রয়েছে।
তিনি বলেন, ২০ থেকে ৩০ জন বন্দিকে জোর করে খাবার খাওয়ানো হয়েছে। এদের কাউকে নলের সাহায্যেও খাবার খাওয়ানো হয়েছে। আরও ১৫ জনের সঙ্গে একই আচরণ করা হবে বলে তিনি জানান।
বিচারক কেসলার আইনজীবীদের বক্তব্য শোনার পর জরুরি অধিবেশন মুলতবি ঘোষণা করেন। আগামী সপ্তাহে রায় ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
জুলাই মাসে গুয়ানতানামো বে’তে প্রথম অনশনের খবর পাওয়া যায়। ২ শ’ থেকে ৫ শ’রও বেশি বন্দি খাবার খেতে অস্বীকৃতি জানান।
ব্রিটিশ আইনজীবি ক্লিভ স্ট্যাফোর্ড স্মিথ মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে নল দিয়ে খাবার খাওয়ানোর জন্যে বন্দিদের বিছানার সঙ্গে শিকল দিয়ে বাঁধার অভিযোগ করেন।
এ মাসের প্রথমে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস গুয়ানতানামো বে’তে জরুরি অবস্থা বিরাজ করছে বলে জানানোর পর বিষয়টি আলোচনায় উঠে আসে।
