টুইট করে এবার গ্রেপ্তার ভারতীয় চলচ্চিত্র পরিচালক অবিনাশ দাস
দুর্নীতির মামলায় গ্রেপ্তার পূজা সিংঙ্ঘালের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ছবি টুইটারে পোস্ট করার পর গ্রেপ্তার হয়েছেন চলচ্চিত্র পরিচালক অবিনাশ দাস।
গত সোমবার মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার জানায় বিবিসি। মুদ্রাপাচারের মামলায় গত মে মাসে গ্রেপ্তার হন পূজা। যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
টুইটারে চার বছর আগে করা একটি পোস্টের কারণে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে’ অভিযোগ তুলে করা মামলায় গত মাসে গ্রেপ্তার হয়েছিলেন ভারতের ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ‘অল্টনিউজ’ এর সহপ্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবাইর। বুধবার সুপ্রিম কোর্ট থেকে জামিন পান এই সাংবাদিক।
অবিনাশের বিরুদ্ধেও জুনেই মামলা হয়। মামলাটি করা হয় পশ্চিমের রাজ্য গুজরাটে। অভিযোগে বলা হয়, ‘অমিত শাহ এর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং জনগণকে ভুল পথে পরিচালিত করতে’ অবিনাশ ওই পোস্ট করেছেন।
নিজের ফেসবুক ও ইন্সটাগ্রাম একাউন্টে জাতীয় পতাকা পরা এক নারীর ছবি পোস্ট করার অভিযোগে পুলিশ অবিনাশের বিরুদ্ধে আলাদা আরেকটি মামলা করেছে।
ভারতের আইন অনুযায়ী, দেশটির জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহার করা নিষেধ। এতে পতাকার অবমাননা করা হয় বলে বিবেচনা করা হয়।
গ্রেপ্তার হওয়া এড়াতে অবিনাশ গত মাসেই গুজরাটের উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তার ওই আবেদন বাতিল হয়ে যায়।
শুনানির জন্য আগামী শুক্রবার অবিনাশকে সুপ্রিম কোর্টে উপস্থাপন করা হবে বলেও জানায় বিবিসি।
২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জনপ্রিয় সিরিজ ‘শি’ এর পরিচালক অবিনাশ। তিনি বলিউডের ‘আনারকলি অব আরাহ’ সিনেমাও পরিচালনা করেছেন।
