২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে পেলোসির সফর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিকল্পনায় জোরালো আপত্তি তুলে চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, এই সফর হলে এর বিরুদ্ধে ‘দৃঢ় এবং জোরাল ব্যবস্থা নেওয়া হবে’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 09:31 PM

Updated : 25 Jul 2022, 04:09 PM

দ্য ফিন্যান্সিয়াল টাইমস এর বরাত সিএনএন জানায়, আগামী অগাস্টে পেলোসি তাইওয়ানের রাজধানী তাইপে যাওয়ার পরিকল্পনা করেছেন।

যদি তিনি সত্যি তাইওয়ান সফর করেন তবে সেটি হবে গত ২৫ বছরের মধ্যে নিজেদের স্বাধীন দেশ বলে ঘোষণা করা তাইওয়ানে যুক্তরাষ্ট্রের এত শীর্ষ পর্যায়ের কোনো নেতার প্রথম সফর। পেলোসির কার্যালয় থেকে অবশ্য এখনো এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরই পদমর্যাদায় তৃতীয় অবস্থান প্রতিনিধি পরিষদের স্পিকারের।

তাইওয়ান চীন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও বেইজিং তা একেবারেই মানতে নারাজ। তাইওয়ান বিষয়ে বেইজিংয়ের অবস্থান অত্যন্ত সংবেদনশীল।

তারা মনে করে তাইওয়ান তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ, যারা একদিন পুনরায় এক হবে। এজন্য প্রয়োজন পড়লে চীন বল প্রয়োগ করতেও দ্বিধা করবে না।

সম্প্রতি চীন আরো স্পষ্ট করে বলেছে, তাইওয়ানের জন্য একটি পূর্ণ যুদ্ধ করতেও পিছপা হবে না চীন। চীনের বৈদেশিক নীতি তাইওয়ানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের উপর দারুণভাবে নির্ভরশীল।

চীনের হুঁশিয়ারির কারণে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। তবে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের সবচেয়ে প্রভাবশালী মিত্র ও সমর্থক যুক্তরাষ্ট্র।

চীনের শত আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র নিয়মিত তাইওয়ানের কাছে তাদের অত্যাধুনিক অস্ত্র বিক্রি করে। এমনকী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানকে সামরিকভাবে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী ১ অগাস্ট চীনের পিপুলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী। অগাস্টেই পেলোসির তাইওয়ান সফরে যাওয়ার পরিকল্পনা চলছে।

সম্ভাব্য ওই সফর নিয়ে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। বলা হয়, ‘‘এটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এবং তাইওয়ানের স্বাধীনতাকামী, বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি গুরুতর ভুল সংকেত পাঠাবে।”

“যদি যুক্তরাষ্ট্র ভুল পথে যাওয়ার জন্য জোর দেয়, তবে চীন অবশ্যই নিজের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করতে দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে। এই কারণে সৃষ্ট পরিণতির জন্য অবশ্যই যুক্তরাষ্ট্রই সম্পূর্ণরূপে দায়ী থাকবে।”

সিএনএন জানায়, এরআগে গত এপ্রিলে পেলোসি একবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তাইওয়ান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

কিন্তু কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার কারণে তার সেই সফর স্থগিত করা হয়। সেবারও চীন একইভাব আপত্তি জানিয়েছিল এবং একই হুঁশিয়ারি উচ্চারণ করেছিল।

সম্প্রতি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর অনেক বেড়ে গেছে। বিশেষ করে ২০১৮ সালের মার্চে ‘দ্য তাইওয়ান ট্রাভেল অ্যাক্ট’ চুক্তি সই হওয়ার পর।

সিএনএন এর পরিসংখ্যান অনুযায়ী, তারপর থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও পার্লামেন্ট সদস্য মিলিয়ে ২০টির বেশি প্রতিনিধিদল তাইওয়ান সফর করেছে।

জবাবে চীনও রেকর্ড সংখ্যায় যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমার কাছে পাঠিয়েছে। যা ওই অঞ্চলের উত্তেজনার পারদকে বাড়িয়ে দিচ্ছে।