২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার প্রতিবেদনে পরিবেশের ‘বিস্ময়কর’ অবনতির চিত্র

অস্ট্রেলিয়ার জলবায়ু ও পরিবেশ পরিস্থিতির যে অবনতি হয়েছে এবং বিস্তৃত হুমকির কারণে ভবিষ্যতে দেশটির পরিবেশের যে অধঃপতন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা ‘হতবাক’ করে দেওয়ার মতো- নতুন এক সরকারি প্রতিবেদন বলছে এমন কথাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 09:26 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

অস্ট্রেলিয়ার ‘ইকোলজিক্যাল সিস্টেম’ নিয়ে একটি জরিপের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এতে দেশটির পরিবেশের বর্তমান অবস্থার পাশাপাশি অদূর ভবিষ্যতে কী অবস্থা হতে পারে তা নিয়ে পূর্বানুমান প্রকাশ করা হয়েছে।

প্রতি পাঁচ বছর পরপর অস্ট্রেলিয়ার ‘ইকোলজিক্যাল সিস্টেম’ নিয়ে জরিপ করা হয়। এবারের জরিপে দেশটির পরিবেশে ব্যাপক আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

এর জন্য জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক আবাসস্থল উজাড় হয়ে যাওয়া, আক্রমণাত্মক প্রজাতি এবং দূষণ ও খনিকে দায়ী করা যায় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ হুমকিগুলোকে নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা… এর মানে, সেগুলো ভবিষ্যতে আরও সমস্যার কারণ হয়ে উঠবে।

অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী তানিয়া প্লিবেরসেক বলেন, প্রতিবেদনে যে গল্প উঠে এসেছে সেটি ‘বিস্ময়কর’ এবং ‘এমন কিছু যা খুবই হতাশাজনক’। এ অবস্থার পরিবর্তনে তিনি নতুন নীতি ও আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

‘স্টেট অব দ্য এনভায়রনমেন্ট রিপোর্ট’ শিরোনামে দুই হাজার পাতার ওই প্রতিবেদনে আরও যেসব বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম হল:

#অস্ট্রেলিয়ার ১৯টি ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) খাদের কিনারে পৌঁছে গেছে। যে কোনও সময় সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে।

# অস্ট্রেলিয়ায় বর্তমানে দেশজ উদ্ভিদ প্রজাতির চাইতে বিদেশি উদ্ভিদ প্রজাতির সংখ্যা বেশি।

#অন্যান্য মহাদেশের তুলনায় অস্ট্রেলিয়া অনেক বেশি প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে।

#২০১৬ সালে জরিপ পরিচালনার সময় যেসব ‘বার ওয়ান ক্যাটাগরির’ পরিবেশ পাওয়া গিয়েছিল, এবার তার সবগুলোরই অবনতি হয়েছে এবং অর্ধেকের বেশিই এখন ‘অত্যন্ত খারাপ’ অবস্থায় রয়েছে।

Image
ছবি: বিবিসি ভিডিও

ছবি: বিবিসি ভিডিও

প্লিবেরসেক বলেন, ‘‘বর্তমানে আমরা যে পথে চলছি সে পথেই চলতে থাকলে ওইসব মূল্যবান স্থান, প্রাকৃতিক পরিবেশ, প্রাণী ও গাছপালা যা বাড়ির কথা চিন্তা করলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে, তা আর আমাদের সন্তান বা নাতি-নাতনিদের জন্য নাও থাকতে পারে।”

২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় দুইশ’র বেশি প্রাণী বিলুপ্তির ঝুঁকির মধ্যে রয়েছে। সেগুলোর মধ্যে কোয়ালা এবং গ্যাং-গ্যাং কাকাতুয়াও রয়েছে। এবারের জরিপে সেগুলোর বিলুপ্ত হওয়ার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার চিত্র উঠে এসেছে।

বিলুপ্তির পথে থাকা ওই সব প্রাণীর অনেকগুলোই অস্ট্রেলিয়ার জন্য অতুলনীয়।

গত কয়েক বছরে অস্ট্রেলিয়া মারাত্মক খরা, নজিরবিহীন দাবানল, টানা কয়েক বছর ধরে রেকর্ড ভাঙা বন্যা এবং গ্রেট ব্যারিয়ার প্রণালীতে ছয়টি স্থানে প্রবালের গণমৃত্যু দেখেছে।