শ্রীলঙ্কার সঙ্কটের জন্য রাশিয়া দায়ী: জেলেনস্কি
শ্রীলঙ্কায় চলমান সঙ্কটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
দক্ষিণ কোরিয়ার সিউলে এশিয়ান লিডারশিপ কাউন্সিলে ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে এই অভিযোগ করেন বলে বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর জানিয়েছে।
কোভিড মহামারীর পর ইউক্রেইন যুদ্ধ শুরুর পর শ্রীলঙ্কা নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটে পড়ে ‘দেউলিয়া’ হওয়ার পথে।
এই পরিস্থিতিতে প্রবল জনবিক্ষোভে শ্রীলঙ্কায় সরকারের পতন ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠান।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে সেনা অভিযান শুরুর পর সেখানে যুদ্ধ চলছে। বিশ্বে শস্য সরবরাহকারী শীর্ষ দেশগুলোর একটি ইউক্রেইন, কিন্তু যুদ্ধের ফলে তা আটকে গেছে।
জেলেনস্কি দাবি করেন, ইউক্রেইনে সেনা অভিযানে রাশিয়ার অন্যতম একটি কৌশল হচ্ছে একটি ‘অর্থনৈতিক ধাক্কা’ সৃষ্টি করা।
“চলমান সামরিক অভিযানের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সঙ্কট ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে সঙ্কটে থাকা দেশগুলোতে অস্থিরতা দেখা দিচ্ছে, যা রাশিয়ার এজেন্ডা বাস্তবায়নে সুবিধা করে দিচ্ছে।”
তিনি বলেন, “এটা শুধু আমাদেরকেই উদ্বিগ্ন করছে না। উদাহরণ হিসেবে শ্রীলঙ্কাকে দেখুন। খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি একটি সামাজিক বিস্ফোরণ ঘটিয়েছে সেখানে। কেউ জানে না কীভাবে এর সমাপ্তি হবে।”
