যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মর্ডান্ট: জরিপ
যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার পছন্দের প্রার্থী হয়ে উঠেছেন পেনি মর্ডান্ট। জরিপে অন্যদের পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে।
টোরি (কনজারভেটিভ) দলের ৮৭৬ জন সদস্যদের ওপর ইউগভ পরিচালিত নতুন এক জরিপে দেখা গেছে, ২৭ শতাংশ সমর্থন নিয়ে সবচেয়ে এগিয়ে আছেন মর্ডান্ট।
১৫ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কেমি বেডনক। আর ১৩ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস।
বুধবার টোরি এমপিরা নেতৃত্ব নির্বাচনে প্রথম দফা ভোট দিয়েছেন। সেই ভোটের ফল প্রকাশের আগেই ইউগভ জরিপের ফল বলছে, মর্ডান্টকেই দলের সদস্যরা সবচেয়ে বেশি পছন্দ করেছে।
জরিপের পূর্বাভাস ঠিক হলে চূড়ান্ত পর্বের ভোটে মর্ডান্ট খুব সহজেই অন্য প্রার্থীদের ধরাশায়ী করে ফেলতে পারবেন। চূড়ান্ত পর্যায়ে ওঠা দুই প্রার্থীর মধ্য থেকেই একজনকে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের ৮৭৬ সদস্য।
আগামী কয়েকদিনে কয়েক দফা ভোটের মধ্য দিয়ে কনজারভেটিভ এমপিরা ৮ প্রার্থী থেকে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে দুইজনকে নির্বাচন করবেন।
জরিপে এগিয়ে থাকা মর্ডান্ট দ্বিতীয়দফা ভোটে জিতে যেতে পারেন এবং শেষ দুই প্রার্থী পর্যন্ত পৌঁছতে পারলে তিনিই হতে পারেন দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী।
