২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক বছরের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন নেতার প্রথম ফোনালাপ

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত শুক্রবার সকালে ফোনে কথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 12:01 AM

Updated : 14 Jul 2022, 07:03 PM

৫ বছরের মধ্যে দুই নেতা এই প্রথম ফোনালাপ করলেন বলে মনে করা হচ্ছে। সিএনএন এ খবর জানিয়েছে।

লাপিদের কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, “দুইজন স্থির ও শান্ত পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং এ ব্যাপারে সহযোগিতা অব্যাহত রাখার বিষয় নিয়ে কথা বলেছেন।”

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাপিদকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, লাপিদ ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আব্বাসকে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফাও এই ফোনালাপের খবর জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট আব্বাস যত শিগগির সম্ভব এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করতে দেখার আকাঙ্খা প্রকাশ করেছেন।

ইয়াইর লাপিদের আগে ১২ মাস ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নাফতালি বেনেট। তিনি তার প্রধানমন্ত্রীত্বের এই একবছরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কথা বলেননি।

এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকার সময় ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল। ২০১৭ সালে নেতানিয়াহু সর্বশেষ ফিলিস্তিন নেতার সঙ্গে কথা বলেছিলেন বলে খবর পাওয়া যায়।

কিন্তু বর্তমান ইসরায়েল সরকারের পরিবর্তিত দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ গত বৃহস্পতিবার সন্ধ্যায় রামাল্লায় যান ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে দেখা করতে।

বৈঠকে দুই নেতা রাজনৈতিক আবহ তৈরি এবং দুপক্ষের মধ্যে সই হওয়া বিভিন্ন চুক্তির (১৯৯০ এর দশকের কয়েকদফা চুক্তি) প্রতিশ্রুতি রক্ষার গুরুত্বের ওপর জোর দেন বলে জানিয়েছে ওয়াফা বার্তা সংস্থা।