রাশিয়াকে ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের
ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অংশ হিসেবে ইরান মস্কোকে কয়েকশ ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তেহরান মস্কোকে যেসব ড্রোন দেওয়ার কথা ভাবছে তার মধ্যে আক্রমণের সক্ষমতাসম্পন্ন ড্রোনও আছে, বলেছেন তিনি।
ওয়াশিংটনের এ দাবির বিষয়ে বিবিসি তাৎক্ষণিকভাবে মস্কো বা তেহরানের কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে যেসব তথ্য এসেছে তাতে ইরান তাদের ড্রোন ব্যবহারে রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এমন ইঙ্গিতও মিলেছে।
ইরান এরই মধ্যে রাশিয়াকে সেসব ড্রোন পাঠিয়ে দিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, বলেছেন তিনি।
ইউক্রেইন যুদ্ধে ড্রোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করা এবং লক্ষ্যে আঘাত হানতে ছোড়া গোলা ও ক্ষেপণাস্ত্রের দিক ঠিক করতে ড্রোন খুবই কার্যকরী।
কয়েকদিন আগে ইউক্রেইনও তার পশ্চিমা মিত্রদের কাছে রুশ বাহিনীকে মোকাবেলায় হাজার হাজার ড্রোন অনুদান চেয়েছে।
সুলিভান বলেছেন, ইরানের ড্রোন এর আগে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় ব্যবহৃত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইসরায়েল ও সৌদি আরব সফরে যাচ্ছেন, তার আগে আগেই সুলিভান রাশিয়াকে ইরান ড্রোন সরবরাহ করতে যাচ্ছে এমন বিস্ফোরক দাবি করলেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে এশিয়ার কয়েকটি দেশ তাতে শামিল হলেও সৌদি আরব ও ইসরায়েল সেই তালিকায় নেই।
ইসরায়েল ইরানকে তাদের সবচেয়ে বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মনে করে।
ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা কিইভের সহায়তায় শত শত কোটি ডলার মূল্যের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে।
ইউক্রেইনের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের এ সহযোগিতা অব্যাহত থাকবে, বলেছেন সুলিভান।
