চার দশক অ্যাঙ্গোলা শাসন করা সাবেক প্রেসিডেন্ট এডুয়ার্ডোর মৃত্যু
আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট জোসে এডুয়ার্ডো ডোস সান্তোস ৭৯ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘ প্রায় চার দশক অ্যাঙ্গোলা শাসন করেছিলেন।
শুক্রবার অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এডুয়ার্ডোর মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, এডুয়ার্ডো দীর্ঘদিন থেকেই অসুখে ভুগছিলেন। স্পেনের বার্সেলোনায় টেকনোন ক্লিনিকে তার চিকিৎসা চলছিল। সেখানেই তিনি মারা যান।
তার মৃত্যুতে ৫ দিনের জাতীয় শোকদিবস ঘোষণা করেছেন অ্যাঙ্গোলার বর্তমান প্রেসিডেন্ট জোয়াও লুরেঙ্কো।
আফ্রিকার দেশগুলোতে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতাদের অন্যতম এডুয়ার্ডো ডোস সান্তোস পাঁচ বছর আগে পদত্যাগ করেছিলেন।
১৯৭৯ সালে অ্যাঙ্গোলার প্রথম নেতা ক্যান্সরের অস্ত্রোপচারের সময় মারা গেলে ঘটনাচক্রে প্রেসিডেন্ট হয়েছিলেন এডুয়ার্ডো।
তার শাসনামলে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইউনিটা বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় তিন দশক ধরে গৃহযুদ্ধ হয়। ২০০২ সালে এডুয়ার্ডো এ যুদ্ধে জিতেছিলেন।
তাছাড়া, তার আমলেই অ্যাঙ্গেলা তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠে। ২০১৭ সালে এডুয়ার্ডোর স্থলাভিষিক্ত হন প্রেসিডেন্ট লুরেঙ্কো।
