২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের শীর্ষ সাংবাদিকদের নিষিদ্ধ করল রাশিয়া

ব্রিটিশ পত্রিকায় কাজ করা কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 10:58 PM

Updated : 14 Jul 2022, 06:23 PM

ইউক্রেইন নিয়ে ‘একপেশে সংবাদ’ প্রকাশের অভিযোগে এবং রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

নিষেধাজ্ঞার আওতায় আছেন ইউক্রেইন থেকে খবর পাঠানো বিবিসি’র সাংবাদিক ক্লিভ মাইরি, ওরলা গুয়েরিন এবং নিক রবিনসন। গণমাধ্যম ব্যক্তিত্বর আরও ২৯ জনের তালিকায় আছেন বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি।

স্কাই টিভি, দ্য টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর এবং আইটিভি সাংবাদিকরাও আছেন এ তালিকায়।

মঙ্গলবার রাশিয়া বিবিসি’র সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকদের পাশাপাশি প্রতিরক্ষা কর্মকর্র্তারাসহ মোট ৪৯ জন ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস এবং দ্য গার্ডিয়ান।

রাশিয়া এরই মধ্যে কয়েকশ ব্রিটিশ এমপি কে নিষিদ্ধ করেছে। মস্কোর পররাষ্ট্রমন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়েছে, এই তালিকা আরও সম্প্রসারণের কাজ চলবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “কালো তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া এবং ইউক্রেইন ও দনবাসে ঘটে চলা ঘটনাবলী নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা এবং একপেশে তথ্য ছড়াচ্ছে।”

“তাদের এই পক্ষপাতদুষ্ট মূল্যায়ন দিয়ে তারা ব্রিটিশ সমাজে রাশিয়াবিদ্বেষও বাড়াচ্ছে।”

কালো তালিকায় থাকা শীর্ষ সাংবাদিকদের মধ্যে আছেন- দ্য টাইমস এর সম্পাদক জন উইদারো, দ্য টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভান্স, দ্য গার্ডিয়ান-এর প্রধান সম্পাদাক ক্যাথরিন ভিনার এবং ডেইলি মেইলের সম্পাদক টেড ভেরাইটি।

অন্যান্যদের মধ্যে আছেন স্কাই নিউজের সংবাদদাতা স্টুয়ার্ট রামসে, দ্য গার্ডিয়ানের শাউন ওয়াকার এবং লুক হার্ডিং, বিবিসি’র সংবাদদাতা নিক বেক এবং পল এডামস। এছাড়াও আছেন কয়েকজন টিভি উপস্থাপক ও কলামনিস্ট।

সাংবাদিকতা জগতের বাইরে কালো তালিকায় আরও যারা আছেন, তারা হচ্ছেন, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এর মধ্যে আছেন ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও।