তাইওয়ান নিয়ে যুদ্ধের দিকে এগুচ্ছে চীন-যুক্তরাষ্ট্র?
কয়েক সপ্তাহ আগেই তাইওয়ান নিয়ে চীনকে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জবাবে চীন বলেছিল, তাইওয়ানের স্বাধীনতার ‘যে কোনও প্রচেষ্টা দৃঢ়তার সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে’। তাইওয়ান নিয়ে এটিই বেইজিংয়ের এ যাবৎকালে সবচেয়ে কড়া ভাষার প্রতিবাদ।
তবে কী তাইওয়ান নিয়ে চীন-যুক্তরাষ্ট্র কথার লড়াই শেষ পর্যন্ত যুদ্ধে গড়াবে? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি:
যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার দাবি সমর্থন করতে চলেছে বলে গত রোববার জোরাল অভিযোগ তুলেছিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফ্যাং। তিনি বলেছিলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে’ এবং চীনের বিষয়ে ‘হস্তক্ষেপ’ করছে।
তিনি বলেন, ‘‘আমি বিষয়টি স্পষ্ট করেই বলছি, যদি কেউ তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চায়, আমরা যুদ্ধ করতে দ্বিধা করব না। আমরা সবকিছুর বিনিময়ে লড়ব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। চীনের সামনে একমাত্র এই পথই খোলা আছে।”
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’ এ চীনের প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন বলে জানায় বিবিসি।
গতমাসে তাইওয়ানের আকাশ সুরক্ষা অঞ্চলে যুদ্ধ বিমান উড়ায় চীন। যা নিয়ে বেইজিংকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ‘‘চীন বিপদ নিয়ে খেলছে।” আক্রান্ত হলে সামরিকভাবে তাইওয়ানকে রক্ষা করার প্রতিজ্ঞাও করেন তিনি।
তাইওয়ান নিজেদের সার্বভৌম দেশ হিসেবে মনে করে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেনি। চীনের দাবি, দ্বীপটি তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ, যেটি একদিন পুনরায় একত্রিত হবে।
সামরিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র। তাইওয়ানকে আত্মরক্ষায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রে একটি আইন রয়েছে।
ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর চীন একাধিকবার তাইওয়ানের আকাশ সুরক্ষা অঞ্চলে যুদ্ধ বিমান পাঠিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে থাকার প্রমাণ স্বরূপ দ্বীপটির জলসীমায় যুদ্ধ জাহাজ পাঠিয়েছে।
এভাবে একে অপরকে শক্তিপ্রদর্শন তাইওয়ানকে ঘিরে দুই দেশের কথার লড়াইকে আরও বাড়িয়ে দিচ্ছে। তবে কী সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন?
ব্যবধান মাথায় রাখা
চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায় তবে বড় ভয় যুদ্ধ শুরু হয়ে যাওয়া নিয়ে। চীন অতীতেও বারবার বলেছে, তারা প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও তাইওয়ানের দখল নেবে। তবে এখনই সেই আশঙ্কা নেই বলে মনে করেন অধিকাংশ বিশ্লেষক।
তাইওয়ানে আগ্রাসন চালিয়ে চীন সফল হতে পারবে কিনা? তাদের সেই সামরিক সামর্থ্য আছে কিনা, সেটা নিয়েও বিতর্ক রয়েছে। কারণ, গত কয়েক বছরে তাইওয়ান তাদের আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে।
অনেকে এই বিষয়েও একমত যে, তাইওয়ানে আগ্রাসন চালালে তা ধ্বংসাত্মক হবে এবং সেজন্য যে চড়া মূল্য দিতে হবে এটা বেইজিংও জানে। আর এটা শুধু চীনের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্যই বিপর্যয় ডেকে আনবে।
এ বিষয়ে ইনস্টিটিউট অব সাউথইস্ট এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো উইলিয়াম চুং বলেন, ‘‘অনেক কথার লড়াই হচ্ছে। তবে তাইওয়ানে আগ্রাসন চালাতে চাইলে চীনকে খুব খেয়াল করে ব্যবধানটাও মাথায় রাখতে হবে। বিশেষ করে বিষয়টি অনেকটা ইউক্রেইন সংকটের মতো হওয়ার কারণে।
এছাড়া, রাশিয়ার তুলনায় চীনের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে অনেক বেশি সম্পর্কিত।”
চীনের অবস্থান এখন পর্যন্ত তাইওয়ানের সঙ্গে ‘শান্তিপূর্ণ পুনর্মিলন’। এ অবস্থানের ধারাবাহিকতার বিষয়টিই রোববার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলতে চেয়েছেন, উসকানিমূলক আচরণ করলেই কেবল ব্যবস্থা নেবে চীন।
আর ওই উসকানি মূলক আচরণ হতে পারে যদি তাইওয়ান আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। এই বিষয়টিই ‘কঠোরভাবে এড়িয়ে’ যান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। যদিও তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান এরই মধ্যে একটি সার্বভৌম রাষ্ট্র।
তাইওয়ানের অধিকাংশ নাগরিক তার এই অবস্থান সমর্থন করেন। যেটা ‘স্থিতিশীল অবস্থা বজায় রাখা’ হিসেবে পরিচিত। যদিও ছোট একটি অংশ ক্রমাগত বলছে, তারা স্বাধীনতার দিকে এগুতে চায়।
একইভাবে, এশিয়ায় চড়া মূল্যের একটি সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়তে চায় না। দেশটি বারবার ইঙ্গিত দিয়েছে, তারা যুদ্ধ চায় না।
সিঙ্গাপুরের ওই নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও অংশ নেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করে না। এমনকী একটি ‘নতুন স্নায়ুযুদ্ধও চায় না’।
এস রাজারত্নাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের রিসার্চ ফেলো কলিন কোহ বলেন, ‘‘উভয় পক্ষই তাইওয়ান নিয়ে বন্দুক তাক করে রেখেছে। উভয়কেই নিজেদেরকে কঠিন দেখাতে হবে। কারণ, তারা কেউই চায় না যে, অপরপক্ষ তাদেরকে পিছু হটে যেতে দেখুক।”
“তবে একইসঙ্গে তারা (চীন-যুক্তরাষ্ট্র) প্রকাশ্যে সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি নিয়েও খুব সতর্ক। তারা চোখ খোলা রেখে একে অপরের বাগাড়ম্বর লক্ষ্য করছে এবং ঝুঁকি এড়িয়ে চলতে চেষ্টা করছে।”
