চীনের দাবি প্রত্যাখ্যান, তাইওয়ান প্রণালী ‘আন্তর্জাতিক জলপথ’
তাইওয়ান প্রণালী চীনের এবং বেইজিং সেখানে তার সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করবে বলে যে হুঁশিয়ারি দিয়েছে তার পাল্টায় তাইপে বলেছে, কৌশলগত ওই প্রণালীটি একটি আন্তর্জাতিক জলপথ এবং এর মধ্য দিয়ে মার্কিন জাহাজ চলাচলের অধিকারকে তাইওয়ান সরকার সমর্থন করে।
মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
১৯৪৯ সালের গৃহযুদ্ধে কমিউনিস্টদের কাছে পরাজিত হওয়ার পর সেসময়ের চীন প্রজাতন্ত্রের সরকার তাইওয়ানে পালিয়ে যায়; কমিউনিস্টরা ক্ষমতা নিয়ে দেশের নাম বদলে ‘গণপ্রজাতন্ত্রী চীন’ রাখে।
তখন থেকেই সরু তাইওয়ান প্রণালীটি ঘিরে সামরিক উত্তেজনা চলে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক বছরগুলোতে প্রণালীটি দিয়ে নিয়মিতই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, এমনকী কখনো কখনো তাদের মিত্র কানাডা ও যুক্তরাজ্যের জাহাজও দেখা যাচ্ছে। এসব নৌযানের উপস্থিতি বেইজিংয়ের ক্ষোভও বাড়িয়ে তুলছে।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, তাইওয়ান প্রণালীর ওপর ‘সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার ও এখতিয়ার’ রয়েছে চীনের।
“তাইওয়ান সংক্রান্ত ইস্যুকে নিজেদের কাজে লাগাতে এবং চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকিতে ফেলার লক্ষ্যে অজুহাত খুঁজতে কিছু দেশ যে তাইওয়ান প্রণালীকে ‘আন্তর্জাতিক জলপথ’ বলছে, তা পুরোপুরি মিথ্যা দাবি,” বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
এই বক্তব্যকে ‘ভ্রান্ত’ বলে অভিহিত করেছেন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ানে ওউ।
“তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলপথ; ওই জলপথের বাইরে আমাদের যে আঞ্চলিক জলসীমা সেখানেও আন্তর্জাতিক আইনই চলে। তাইওয়ান সবসময় তাইওয়ান উপকূলে বিদেশি জাহাজের আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডকে সমর্থন করে আসছে,” বলেছেন তিনি।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘ফ্রিডম অব নেভিগেশন’ অভিযানে তাইওয়ানের সমর্খনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
তাইওয়ানের সরকার বলছে, তাদের হয়ে কোনো কথা বলা বা তাইওয়ান তাদের এমন দাবি করার অধিকার নেই চীনের। তাইওয়ানের জনগণই স্বশাসিত দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের এখতিয়ার রাখে এবং গণপ্রজাতন্ত্রী চীন কখনোই তাদের কোনো অংশ শাসন করেনি।
তাইওয়ানকে নিজেদের ‘অবিচ্ছেদ্য অংশ’ দাবি করা চীন দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে ‘প্রয়োজনে বল প্রয়োগ করার’ হুমকিও দিয়ে রেখেছে। সাম্প্রতিক মাসগুলোতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনা যুদ্ধবিমানের নিয়মিত উপস্থিতিও দেখা যাচ্ছে।
