২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরী শরণার্থী ইউক্রেইনে ফেরত: জনসনকে ক্ষুব্ধ লেবার এমপি টিউলিপের সওয়াল

ইউক্রেইনের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে মন্টিনিগ্রোয় অস্থায়ী আবাসে ‘বিপজ্জনক’ পরিবেশে ঠাঁই পাওয়া ১৩ বছরের এক কিশোরী শরণার্থীকে আবারও ইউক্রেইনে ফিরে যেতে বাধ্য হতে হয়েছে। কারণ, যুক্তরাজ্যে ঢোকার জন্য তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 12:45 AM

Updated : 14 Jul 2022, 06:20 PM

বিষয়টি নিয়ে বিরোধীদল লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রশ্নবিদ্ধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা ইউক্রেইনের ওই কিশোরীর পরিবারকে আলাদা করে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিবিসি জানায়, শরণার্থী ওই কিশোরীর ১৮ বছর বয়সের বড় বোন বর্তমানে লন্ডনে আছে। এই বোনের সঙ্গেই সে ইউক্রেইন ছেড়ে এসেছিল ‘ইউক্রেইনীয়দের জন্য বাড়ি প্রকল্পের’ আওতায় একটি ব্রিটিশ পরিবারের সহায়তায়। কিন্তু যুক্তরাজ্যে ঢোকার আবেদনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জবাব আসতে দেরি হওয়ায় তারা আটকা পড়ে গিয়েছিল।

বড় বোন যুক্তরাজ্যে ঢোকার অনুমতি পেলেও ছোট বোন তা পায়নি। ফলে সূদূর ইউক্রেইন থেকে লম্বা পথ পাড়ি দিয়ে তাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন তার মা।

বুধবার হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রী জনসনের প্রশ্নত্তোর পর্বে টিউলিপ বলেন, ওই কিশোরীর ভিসা আবেদন বাতিল করা হয়েছে, কারণ সে তার বাবা- মায়ের সঙ্গে ভ্রমণ করছিল না।

তিনি বলেন, ‘‘এই দুই বোনকে কয়েক সপ্তাহ ধরে মন্টিনিগ্রোতে বিপজ্জনক অস্থায়ী বাসস্থানে রাখা হয়েছিল। ওই সময়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছোট বোনের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অস্বীকৃতি জানায়। কারণ, তার বয়স ১৩ বছর এবং সে তার বাবা-মা ছাড়া ভ্রমণ করছিল। অথচ সে তার ১৮ বছর বয়সের বড় বোনের সঙ্গে ছিল।”

“আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, তিনি কী বুকে হাত রেখে আমাকে বলতে পারবেন, ঝুঁকির মধ্যে থাকা শিশুদের যুদ্ধ ক্ষেত্রে ফেরত পাঠানোকে তিনি সঠিক নীতি বলে মনে করেন কিনা?”

জবাবে বরিস জনসন বলেন, তিনি এমপির ‘ক্ষোভের’ কারণ বুঝতে পেরেছেন। দুই বোন এভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি ‘লজ্জাজনক’ উল্লেখ করে জনসন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিষয়টি নিজে দেখভাল করবেন।

“আমার বিশ্বাস এই দেশ রেকর্ড গড়তে যাচ্ছে, আমি যতদূর জানি এখন পর্যন্ত ইউক্রেইনের এক লাখ ২০ হাজারের বেশি নাগরিককে ভিসা দেওয়ার কাজ চলছে এবং এটি খুবই বিশ্বাসযোগ্য।”

জনসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দুই বোনের ‍বিষয়ে পার্লামেন্টেকে তথ্য দেওয়ার আহ্বানও জানান।  টিউলিপ জানান, তার একটি সংগঠন থেকে ওই দুই বোনকে যুক্তরাজ্যে আনার চেষ্টা করা হচ্ছে।