২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজভস্তালের হাজারের বেশি ইউক্রেইনীয় সেনাকে রাশিয়ায় নেওয়া হয়েছে

মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় আত্মসমর্পণ করা ১ হাজারেরও বেশি আটক ইউক্রেইনীয় সেনাকে রাশিয়ায় নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 06:29 PM

Updated : 14 Jul 2022, 06:19 PM

এই সেনাদেরকে এর আগে পূর্ব ইউক্রেইনের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রাখা হয়েছিল।

রাশিয়ার রাষ্ট্রপরিচালিত তাস বার্তা সংস্থা আইনপ্রয়োগকারী এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বুধবার বলেছে, ‘তদন্ত’ চালানোর জন্য তাদেরকে সেখানে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একশ’র বেশি সেনাকে এখন মস্কোয় আটকে রাখা হয়েছে।

রাশিয়া আরও ইউক্রেইনীয় যুদ্ধবন্দিকে তাদের ভূখন্ডে নেওয়ার পরিকল্পনা করছে। আজভস্তালে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের শেষ দিনগুলোতে ২,৪৩৯ ইউক্রেইনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে মে মাসে দাবি করেছিল মস্কো।

ইউক্রেইনের বন্দরনগরী মারিউপোলে আজভস্তালের ওই ইস্পাত কারখানাই ছিল সেনাদের শেষ ঘাঁটি। সেখানকার আত্মসমর্পণ করা সেনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছিল রাশিয়ার তদন্তকারী কমিটি।

আটক এই ইউক্রেইনীয় সেনাদের সামনে এখন অপেক্ষা করে আছে অনিশ্চিত ভবিষ্যৎ। সিএনএন জানায়, বিতর্কিত ওই আজভ ব্যাটেলিনের সদস্যরা সন্ত্রাসী দল কিনা সে ব্যাপারে এ মাসের শেষের দিকে রাশিয়ার সুপ্রিম কোর্টের রায় আসার কথা রয়েছে।