২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত সড়কে শনিবার রাতে গুলিতে অন্তত ৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 09:57 PM

Updated : 14 Jul 2022, 06:16 PM

ফিলাডেলফিয়ার পুলিশ ইন্সপেক্টর ডি এফ পেস বলেন, কমকর্তারা এলাকাটি টহল দেওয়ার সময় মধ্যরাতের আগে দিয়ে গুলির শব্দ শোনেন। বেশ কয়েকজন অস্ত্রধারী জনতার ভিড়ে এ ঘটনা ঘটিয়েছে।

পেস জানান, ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিট বিনোদোন এলাকা। সেখানে বহু বার এবং রেস্তোঁরা আছে। প্রতি সপ্তাহান্ত উদযাপনের মতো ওইদিনও রাতের পরিবেশ উপভোগ করতে সাউথ স্ট্রিটে শত শত মানুষ সমবেত হয়েছিল। সেই ভিড়ের মধ্যেই গুলি চলে।

হামলায় নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ বলে সিএনএন-কে জানিয়েছেন কর্মকর্তারা।এক হামলাকারীকে লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি চালালে সেই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে দুটি হাতবন্দুক এবং গুলির ম্যাগাজিন উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে গত মাসেই যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। এছাড়াও ক্যালিফোর্নিয়ার গির্জায়, নিউ ইয়র্কের শপিং মল এবং ওকলাহোমার একটি হাসপাতালে সম্প্রতি মাত্র কয়েকদিনের ব্যবধানে বন্দুক হামলা হয়েছে।

একের পর এক এমন বন্দুক সহিংসতার পর আইন আরো কঠোর করে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। সরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের (জিভিএ) হিসাবমতে, চলতি বছর নির্বিচারে গুলিবর্ষণের অন্তত ২৩৯ টি ঘটনা ঘটেছে।