২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্টি কেলেঙ্কারি: জুনে টিকবেন বরিস জনসন?

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাগ্যে কয়েকদিনের মধ্যে কি ঘটতে চলেছে তা নিশ্চিত করে কেউ জানে না। কোভিড মহামারীতে জারি থাকা লকডাউনের বিধি ভঙ্গ করে মদের পার্টি অনুষ্ঠানের কলঙ্ক এখনও তাকে বয়ে বেড়াতে হচেছ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 08:34 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

সেই কেলেঙ্কারির জেরে এ সপ্তাহে জনসন নেৃত্বত্বে চ্যালেঞ্জের ‍মুখে পড়বেন বলে ধারণা করছেন তার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কর্মকর্তারা। আগামী বুধবারই তিনি আস্থাভোটের মুখোমুখি হচ্ছেন- এমন খবর জানিয়েছে ‘দ্য সানডে টাইমস’ পত্রিকা।

ওদিকে বিবিসি জানায়, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলির অনেক অনুষ্ঠানেই জনসন যোগ দিয়েছেন। সেন্ট পলের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। কিন্তু এসব অনুষ্ঠানে উপস্থিত জনতার একাংশ তাকে দুয়ো ধ্বনি দিয়েছে।

কনজারভেটিভ পার্টির বেশির ভাগ আইপ্রণেতাই এখন বলছেন, তারা পার্টিগেট কেলেঙ্কারিতে জনসন সরকারের ওপর আস্থা হারিয়েছেন। কেউ কেউ বলছেন, তারা জনসনের বিরুদ্ধে আস্থা ভোট করার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি জমা দিয়েছেন।

রানির সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জনসন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার এই সময়ে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অনেক এমপি তার বিরুদ্ধে কৌশল আটছেন। বলা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই ক্ষমতায় থাকা নিয়ে লড়াইয়ে নামতে পারেন প্রধানমন্ত্রী।

এমন হলে সোমবার পার্লামেন্ট বসার দিনটিতে সবার দৃষ্টি থাকবে গ্রাহাম ব্রাডির দিকে। তিনি দলের ১৯২২ কমিটির চেয়ারম্যান। যুক্তরাজ্যে কনজারভেটিভ প্রাইভেট মেম্বারস কমিটি নামে আনুষ্ঠানিকভাবে এই কমিটি পরিচিত।

এটি হল ব্রিটেনের হাউজ অব কমন্সে কনজারভেটিভ পার্টির পার্লামেন্টারি গ্রুপ। এই গ্রুপের শতকরা ১৫ ভাগ অর্থাৎ, ৫৪ জন এমপি চেয়ারম্যান বরাবর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আস্থাভোট আহ্বান করে চিঠি লিখেলে বা ইমেইল পাঠালে আস্থা ভোট হয়।

এই চিঠি গোপন হওয়ায় এখন পর্যন্ত এমন চিঠি বা ইমেইল কতজন এমপি পাঠিয়েছেন তা শুধু গ্রাহামই জানেন। এ নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া যায় না। আর তাই আগামী কয়েকদিনে কী ঘটবে তা নিশ্চিতভাবে কেউই বলতে পারবে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ জনের বেশি আইনপ্রণেতা তাদের চিঠি পাঠানোর কথা প্রকাশ্যেই জানিয়েছেন। তাছাড়া, সানডে টাইমস জানিয়েছে, পার্টি কর্মকর্তারা এবং বিদ্রোহী আইনপ্রণেতারা মনে করছেন, চিঠি প্রয়োজনীয় সংখ্যা ৫৪ এর কাছাকাছি পৌঁছে গেছে। আর একজন বলেছেন, চিঠির সংখ্যা এরই মধ্যে ৫৪ পেরিয়ে গেছে বলেই তিনি মনে করেন।

এ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর একজন সমালোচক বিবিসি-কে বলেছেন, “আশা করছি ভোট হবে আগামী সপ্তাহেই। সহকর্মীদেরকে একটি সিদ্ধান্তে আসতে হবে। চূড়ান্তভাবে তাদেরকে মন ঠিক করতে হবে।” আরও অনেক এমপি-ই একই রকম ভাবাবেগ দেখিয়েছেন।

সানডে টাইমস জানায়, “১৯২২ নির্বাহী কমিটির কর্মকর্তারা এরই মধ্যে জনসনের নেতৃত্ব নিয়ে বুধবার আস্থাভোটের দিন নির্ধারণ করেছেন।” ওদিকে, সরকারের মধ্যেও অনেকে স্বীকার করছেন যে, কয়েক দিনের মধ্যে দুর্ঘটনাক্রমে আস্থাভোট হতে পারে।

এই চ্যালেঞ্জ যে শুধু দলের বিদ্রোহী সদস্যদের কাছ থেকে আসছে তা নয় বরং এমপিদের মধ্যে হতাশ একটি গ্রুপ আছে, তারাও অনাস্থা প্রকাশ করে চিঠি দিতে পারে। পার্লামেন্ট যেদিন থেকে মুলতবি হয়েছিল সেই দিনেই প্রকাশ হয় পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে সু গ্রে’র তদন্ত রিপোর্ট।

এরপরই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো এমপির সংখ্যা বেড়েছে। বিবিসি ২৮ জন এমপি’র এমন দাবি রেকর্ড করেছে। ব্যক্তিগত পর্যায়েও অনেকে ক্ষুব্ধ।

একজন এমপি বলেন, “আমি জানি এমন কিছু এমপি আছেন, যারা প্রকাশ্যে এ নিয়ে কথা বলেন না। তবে তারা চিঠি লিখেছেন। এ সপ্তাহে এ নিয়ে একটি আস্থা ভোট হওয়ার জন্য তা কি যথেষ্ট? তারা বলছেন, আমি জানি না।”

জনসন ২০২০ সালে লকডাউনের মধ্যে দেশবাসীকে বিধিনিষেধে আটকে রেখে নিজে মদপানের পার্টিতে উপস্থিত থাকা নিয়ে শোরগোলের মুখে ক্ষমা চাওয়ার পরই সামনে আসে আরেক পার্টি কেলেঙ্কারির ঘটনা।

২০২১ সালের ১৬ এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোকে মুহ্যমান থাকার সময়ও প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে কর্মীরা আরও দুটো মদের পার্টি করেছিলেন। সেসময়ও বদ্ধ জায়গায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা ছিল। প্রিন্স ফিলিপের মৃত্যুতে তখন চলছিল জাতীয় শোক।

জনসন সেই পার্টিতে উপস্থিত না থাকলেও জাতীয় শোক দিবস এবং জনসমাগমে নিষেধাজ্ঞার মধ্যে ডাউনিং স্ট্রিটে এমন পার্টির কারণে প্রশ্নের মুখে পড়েছেন। বার বার ক্ষমা চেয়ে, জরিমানা দিয়েও তিনি রেহাই পাচ্ছেন না। লোকজন তাকে এখনও দুয়ো দিচ্ছে।

জনসন বলে আসছেন, সরকার নানবিধ চ্যালেঞ্জের মুখে থাকায় এখন তিনি পদত্যাগ করবেন না। দেশকে চ্যালেঞ্জের মুখে ফেলে রেখে সরে যাওয়াটা দায়িত্বশীলতার পরিচায়ক হবে না বলেই যুক্তি দেখাচ্ছেন তিনি। আর নেতৃত্ব নিয়ে জনসন শিগগিরই যে আস্থা ভোটের মুখে পড়তে চলেছেন তার ফল কি হবে সেটি তার বেশ ভাল করেই জানা।

কারণ, যদি এখনই ভোট হয় তাহলে প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরানোর ক্ষেত্রে অনেক বড় প্রতিবন্ধকতা অপেক্ষা করে আছে। কারণ, প্রধানমন্ত্রীকে সরাতে কনজারভেটিভ দলের ১৮০ জন এমপি’র সমর্থন প্রয়োজন হবে।

বিদ্রোহী একজন এমপি বিবিসি-র কাছে স্বীকার করেছেন যে, এ সপ্তাহে আস্থাভোট হলে তাতে বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রীরই বেশি। কারণ, এই সময়ে তিনি সংখ্যাগরিষ্ঠ টোরি এমপি’র সমর্থন পেয়ে যেতে পারেন।

কিন্তু ভোট যদি হয় ২৩ জুনের দুটি আসনের উপনির্বাচনের পর এবং নির্বাচনে যদি কনজারভেটিভ পার্টি খারাপ করে, তাহলে জনসন ক্ষমতায় টিকে থাকতে কঠিন লড়াইয়ের মধ্যে পড়ে যাবেন। তবে তারপরও জনসনের চেয়ে আরও ভাল কোনও নেতা হাতে না থাকায় তিনি বেশিরভাগ টোরি এমপি’র সমর্থন পেতে পারেন।

দুই কনজারভেটিভ এমপি যৌন কেলেঙ্কারির মুখে পদত্যাগ করায় সেই দুই আসনে ২৩ জুনের ওই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে খোদ পার্টি কেলেঙ্কারির মুখে থাকা প্রধানমন্ত্রী জনসনের এই উপনির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি।

নির্বাচনী আসন ঘুরে দেখা একজন বিবিসি কে বলেছেন, কিছু ভোটার বলছেন, তারা নেতৃত্বে পরিবর্তন ছাড়া কনজারভেটিভ দলকে ভোট দেবেন না।

পরবর্তী নির্বাচনে একইরকম পরিস্থিতিতে পড়া নিয়ে কনজারভেটিভ এমপি’দের মধ্যেও বিস্তর শঙ্কা আছে। আগামী নির্বাচনে আর আসন জেতার কোনও সুযোগ নেই বলে মন্তব্যও করেছেন কেউ কেউ।

তাই আগামী কয়েকদিন কিংবা কয়েকসপ্তাহে তাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আর তা হচ্ছে, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখা হবে, নাকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করা। ফলে এই প্রেক্ষাপটে জুন মাসটি কনজারভেটিভ পার্টি এবং প্রধানমন্ত্রী জনসনের ভাগ্যে কি বয়ে আনে সেটিই এখন দেখার বিষয়।