যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলা, আহত ১২
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার একটি শপিং মলে বন্দুক হামলার ঘটনায় ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কলম্বিয়া পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেন, গুলির ঘটনাটি দৈব কোনও সহিংসতার ঘটনা বলে মনে হচ্ছে না; বরং আগে থেকেই একে অপরকে চেনে এমন একদল সশস্ত্র গ্রুপের মধ্যে ‘এক ধরনের সংঘর্ষ’ বলে মনে হচ্ছে।
হলব্রুক বলেন, মলের ভেতরে তিনজনকে আগ্নেয়াস্ত্রসহ পাওয়া গেছে। তাদের মধ্যে অন্তত একজন গুলি ছুড়েছে। গুলির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করার কথা জানান তিনি।
গুলির এই ঘটনার ব্যাপারে বিস্তারিত খুঁটিনাটি এখনও স্পষ্ট জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো শপিং মলে প্রচুর পুলিশ এবং জরুরি সেবা কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানিয়েছে।
