খাদ্যপণ্যের সংকট: শ্রীলঙ্কায় ৪০ হাজার টন চাল পাঠাচ্ছে ভারত
নয়া দিল্লির কাছ থেকে কলম্বোর ঋণপ্রাপ্তি নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কায় দ্রুত ৪০ হাজার টন চালের একটি চালান পাঠাতে কাজ শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
বিষয়টি সম্বন্ধে অবগত দুই কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কাছে আমদানিকৃত পণ্যের দাম পরিশোধ করার মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নেই।
পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে এখন বিদেশি রাষ্ট্রগুলোর কাছে হাত পাততে হচ্ছে।
ভারতের পাঠানো এ চালের চালান এপ্রিলের মাঝামাঝি হতে যাওয়া নববর্ষ উৎসবের আগেই শ্রীলঙ্কায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় এখন জ্বালানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দাম; বিদেশি ঋণ পরিশোধে দেশটির সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝে লঙ্কার সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনায় বসারও প্রস্তুতি নিচ্ছে।
জ্বালানি, খাদ্য ও ওষুধের চরম ঘাটতি মোকাবেলায় সহায়তা করতে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত গত মাসে শ্রীলঙ্কাকে ১০০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়।
৪০ হাজার টন চাল পৌঁছালে শ্রীলঙ্কায় চালের দাম কমে আসবে বলেই মনে করা হচ্ছে।
“দক্ষিণের বন্দরগুলোতে চাল বোঝাই শুরু হয়েছে; দ্রুত পাঠাতে প্রথমে আমরা কন্টেইনারে চাল বোঝাই করছি, নৌযানে সেগুলো তোলাও কয়েকদিনের মধ্যেই শুরু হবে,” বলেছেন ভারতের ঋণচুক্তির আওতায় শ্রীলঙ্কা স্টেট ট্রেডিং (জেনারেল) কোম্পানিকে চাল সরবরাহের কাজ পাওয়া পাতাভি অ্যাগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক বিভি কৃষ্ণা রাও।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র এ অর্থনৈতিক সংকটের ফলে দেখা দেওয়া সহিংস বিক্ষোভের পর শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
শ্রীলঙ্কায় এপ্রিলের মাঝামাঝি নববর্ষ উৎসবের সময় চালের চাহিদা ব্যাপক থাকে, তার আগেই দেশটিতে ভারতীয় চালের এই চালান পৌঁছাবে বলে জানান মুম্বাইভিত্তিক এক ডিলার।
“এই মুহুর্তে কেবল ভারতই দ্রুত চাল পাঠাতে পারবে। অন্য দেশগুলোর যেখানে লাগবে কয়েক সপ্তাহ, সেখানে ভারত পাঠাতে পারবে কয়েকদিনের মধ্যেই,” বলেছেন তিনি।
শ্রীলঙ্কায় কয়েক মাসের মধ্যে ৩ লাখ টন চাল পাঠানোর কথা ভারতের, তারই অংশ হিসেবে এ ৪০ হাজার টন যাচ্ছে, বলেছেন বিভি কৃষ্ণা রাও।
আসছে সপ্তাহগুলোতে ভারতীয় ব্যবসায়ীরা শ্রীলঙ্কায় চিনি, গমের মতো নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্যই পাঠানো শুরু করতে যাচ্ছে, জানিয়েছেন মুম্বাইভিত্তিক ওই ডিলার।
