কেন মারিউপোল থেকে লোকজনকে সরিয়ে আনা ‘কঠিন’
মারিউপোল শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রাশিয়া এখনও লড়াই করছে, এ পরিস্থিতিতে তারা অবরুদ্ধ শহরটিতে একটি পূর্ণাঙ্গ মানবিক করিডরের অনুমোদন দেবে না বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার তারা রেড ক্রসের বহরের মাত্র তিনটি ছোট গাড়িকে ভেতরে প্রবেশ করতে দেয়, কিন্তু শহরটির নাজুক হতে থাকা মানবিক পরিস্থিতি সত্ত্বেও জরুরি ত্রাণে ভরা দুটি বড় ট্রাককে ঢুকতে দেয়নি।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) শুক্রবার তাদের একটি দলের নেতৃত্বে ৫৪টির মতো বাস ও অন্যান্য গাড়ির একটি বহর মারিউপোলে পাঠালেও ‘পরিস্থিতির কারণে লোকজনকে বের করে আনা অসম্ভব’, এমনটি জানিয়ে তারা ফিরে আসে।
শনিবার রেড ক্রসের একটি গাড়িবহর ফের অবরুদ্ধ বন্দরনগরীটির দিকে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবিসি জানিয়েছে, মারিউপোরে রাস্তায় মৃতদেহ পড়ে আছে, অবরুদ্ধ শহরটিতে কোনো খাবার বা পানি নেই।
মারিউপোলের ভেতরে একটি অংশে এখনও নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইউক্রেইনের সেনাবাহিনী। এদের অনেকেই উগ্র ডানপন্থি আজভ ব্যাটেলিয়নের সদস্য।
এদের পরাজিত না করা পর্যন্ত রাশিয়া রেড ক্রস বা অন্য কোনো সংস্থাকে মারিউপোলে প্রবেশের পূর্ণাঙ্গ কোনো মানবিক করিডোরের অনুমোদন দেবে না বলে মত প্রকাশ করেছেন নিকটবর্তী শহর জাপোরিজজিয়া থেকে পরিস্থিতি পর্যবেক্ষণেরত বিবিসির একজন সাংবাদিক।
ইউক্রেইনে পাঁচ সপ্তাহ ধরে চলা রাশিয়ার ‘বিশেষ’ সামরিক অভিযানের শুরুর দিকেই মারিউপোলকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছিল। দেশটির দক্ষিণপূর্ব অঞ্চল দনবাসের এই বন্দরশহরটিকে কব্জায় নেওয়াই এখন পর্যন্ত মস্কোর প্রধান ‘লক্ষ্য’ বলে মনে করা হচ্ছে।
এক সময় সাড়ে চার লাখ বাসিন্দারা মারিউপোল রাশিয়া ও ক্রাইমিয়াকে সংযোগকারী স্থল পথের গুরুত্বপূর্ণ বন্দরশহর ও বাণিজ্য কেন্দ্র।
দনবাস অঞ্চলের ছোটবড় কোনো শহর থেকেই রাশিয়ার সেনাদের প্রত্যাহারের প্রায় কোনো লক্ষণ দেখা যায়নি। রাশিয়ার সেনারা যদি ইউক্রেইনের উত্তরাঞ্চলে থেকে সরে আসে তাহলে দনবাস অঞ্চলে পূর্ণ মনোযোগ দেওয়ার উদ্দেশ্যেই তা করা হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
যদি তা হয় তাহলে আগামী কয়েক দিন বা সপ্তাহ ইউক্রেইনের যুদ্ধের মূল ঘটনাগুলো এই দনবাস অঞ্চলেই ঘটবে।
আরও পড়ুন:
