ইয়েমেনে ২ মাসের যুদ্ধবিরতি
ইয়েমেনের সাত বছর ধরে চলা যুদ্ধে লড়াইরত পক্ষগুলো দেশব্যাপী সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জাতিসংঘের প্রতিনিধি জানিয়েছেন।
এই যুদ্ধবিরতির সময় দেশটির হুতি অধিকৃত এলাকাগুলোর জন্য জ্বালানি আমদানির ও রাজধানী সানা থেকে কিছু ফ্লাইট পরিচালনার অনুমোদন মিলেছে বলে শুক্রবার জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ জানিয়েছেন।
ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ অনাহারের কবলে পড়েছে। এর আগে ২০১৬ সালে শান্তি আলোচনার সময় শেষবার দেশটি সাময়িক যুদ্ধবিরতি দেখেছিল।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরানের মিত্র হুতি গোষ্ঠীর মধ্যে হওয়া এ চুক্তি লড়াই বন্ধে এ পর্যন্ত হওয়া সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ।
জাতিসংঘের প্রতিনিধি গ্রুন্ডবার্গ জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা (১৬০০ জিএমটি) থেকে দুই মাসের এ যুদ্ধবিরতি শুরু হবে আর পক্ষগুলোর সম্মতি থাকলে এর মেয়াদ বাড়ানো হবে।
শনিবার থেকে মধ্যপ্রাচ্যজুড়ে রোজার মাস শুরু হচ্ছে। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে মাসটি অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত।
এক বিবৃতিতে গ্রুন্ডবার্গ বলেছেন, “এই যুদ্ধবিরতির লক্ষ্য ইয়েমেনকে সহিংসতা থেকে প্রয়োজনীয় একটি বিরতি দেওয়া, মানবিক দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আশা যে, এই সংঘাতের অবসান সম্ভব।”
স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
টানা যুদ্ধের কারণে ইয়েমেনের অর্থনীতি ও স্বাস্থ্যসহ মৌলিক পরিষেবা ভেঙে পড়েছে। এতে প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশটির ৮০ শতাংশ ত্রাণের ওপর নির্ভরশীল হতে বাধ্য হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই যুদ্ধবিরতি ‘ইয়েমেনের ধ্বংসাত্মক যুদ্ধ শেষের প্রথম পদক্ষেপ হওয়া উচিত’। এই সুযোগকে ‘ইয়েমেনে বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে’ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এই যুদ্ধবিরতির চুক্তির শর্তে আন্তঃসীমান্ত হামলাসহ আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখা, জ্বালানিবাহী জাহাজগুলোকে হুতি অধিকৃত হোদেইদাহ বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া এবং রাজধানী সানা থেকে ‘এ অঞ্চলের পূর্বনির্ধারিত গন্তব্যে’ ব্যাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।
গ্রুন্ডবার্গ জানিয়েছেন, যুদ্ধবিরতিতে স্বাক্ষরকারী পক্ষগুলো তায়িজের ও ইয়েমেনের অন্যান্য অঞ্চলের অবরুদ্ধ রাস্তাগুলো খোলার বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা স্থবির হয়ে থাকা রাজনৈতিক আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত বছর থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা করে আসছিলেন। জোট বাহিনীকে প্রথমে অবরোধ তুলে নিতে হবে, হুতিদের এমন দাবির বিপরীতে সৌদি জোট একযোগে চুক্তি স্বাক্ষরের জন্য চাপ দিচ্ছিল।
এই যুদ্ধকে সুন্নি মুসলিম প্রধান সৌদি আরব ও শিয়ার মুসলিম প্রধান ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়। এই যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য রিয়াদ চেষ্টা করে যাচ্ছিল আর ইয়েমেন ওয়াশিংটনের জন্য একটি উত্তেজনার কেন্দ্রে পরিণত হচ্ছিল।
আলোচনায় অংশ নেওয়া হুতি পক্ষের শীর্ষ আলোচক মোহাম্মদ আবদুল সালাম এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।
শুক্রবার সৌদি নেতৃ্ত্বধীন জোটও এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি জোট জাতিসংঘের চুক্তি বাস্তবায়নের উদ্যোগ ও প্রচেষ্টায় সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও এ যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
চুক্তির একটি কপি রয়টার্স দেখেছে এবং হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন চুক্তির বিষয়ে একটি প্রতিবেদন করেছে। তাতে দেখা গেছে, যুদ্ধবিরতির দুই মাসে জ্বালানিবাহী ১৮টি জাহাজকে হোদাইদাহ বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে সানা থেকে জর্ডান ও মিশরে দুটি করে ফ্লাইট চলাচল করতে পারবে।
পক্ষগুলো বন্দি বিনিময় নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। আলোচনা সফল হলে ১৬ সৌদি, ৩ সুদানি ও ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টর এক ভাইসহ দুপক্ষের কয়েকশ বন্দি মুক্তি পাবে।
