২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা এড়াতে ইস্তাম্বুল-দুবাইয়ে সম্পত্তি কেনায় ঝুঁকছেন রুশরা

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন এবং এর জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া ধনী রুশরা এখন আর্থিক নিরাপত্তা খুঁজতে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবাসন ব্যবসায় অর্থ লগ্নি করছেন। বেশ কয়েকটি আবাসন কোম্পানি জানিয়েছে এমন খবর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Mar 2022, 09:37 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

ইস্তাম্বুলের গোল্ডেন সাইন আবাসন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা গুল গুল বলেন, ‘‘আমরা এখন রাশিয়ার নাগরিকদের কাছে প্রতিদিন সাত থেকে আটটি ইউনিট বিক্রি করছি। তারা নগদ অর্থে কিনছেন, তুরস্কে ব্যাংক একাউন্ট খুলছেন বা সোনা নিয়ে আসছেন।”

দুবাইয়ের মডার্ন লিভিং প্রোপার্টি ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থিয়াগো কালডাস জানান, রুশ নাগরিকদের সেবা দিতে তারা রাশান ভাষা জানেন এমন তিনজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যার জেরে পশ্চিমারা দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। বৈশ্বিক ব্যাংক লেনদেন সেবা সুইফট থেকেও রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দেওয়া হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের উপরও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

তুরস্ক এবং ইউএই ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেছে। তবে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব তোলা হয়েছিল তার বিরোধিতা করেছে আঙ্কারা।

রাশিয়ার সঙ্গে দুই দেশেরই সুসম্পর্ক রয়েছে এবং উভয় দেশ এখনও রাশিয়ার সঙ্গে বিমান যোগাযোগ চালু রেখেছে। দুই দেশ সম্ভবত রুশ নাগরিকদেরকে তাদের অর্থসহ সরে আসার প্রস্তাব দিয়েছে বলেও ধারণা করছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ নাগরিকদের আবাসন ব্যবসায় অর্থ ঢালার খবর খতিয়ে দেখতে রয়টার্স প্রায় এক ডজন রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে কথা বলেছে।

গোল্ডেন সাইন এর গুল গুল বলেন, ‘‘তারা ধনকুবের নয়, তবে তারা সম্পদশালী। তারা তাদের অর্থ তুরস্কে নিয়ে আসার পথ খুঁজছেন। এমন অনেক ক্রেতাও আছেন যারা তিন থেকে পাঁচটি ফ্ল্যাট পর্যন্ত কিনছেন।”

গত কয়েক বছর ধরে ইরানি ও ইরাকিদের পেছনে ফেলে রুশ নাগরিকরাই তুরস্কে স্থাবর সম্পদের বড় ক্রেতা হয়ে উঠেছেন। গত কয়েক সপ্তাহে ওই চাহিদায় উল্লম্ফন দেখা গেছে। যদিও সবই কেবল শুরু। ভবিষ্যতে আবাসন কোম্পানিগুলোর ব্যবসা আরও বাড়বে।

গত ‍মাসের শুরুতে যখন ইউক্রেইন সীমান্তে রুশ সেনারা জড়ো হচ্ছিল, তখনও আগ্রাসন শুরু হয়নি। ওই সময়েই রুশ নাগরিকরা তুরস্কে ৫০৯টি বাড়ি কেনেন। গত বছরের তুলনায় যা দ্বিগুণের কাছাকাছি বলে জানায় তুরস্কের পরিসংখ্যান অধিদপ্তর।

এ সবই পশ্চিম নিষেধাজ্ঞা আরোপের আগের ঘটনা। নিষেধাজ্ঞা আরোপের পর ওই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আবাসন কোম্পানির কর্মকর্তারা।

ইস্তাম্বুলের ইব্রাহিম বাবাকান, তার কোম্পানি মূলত তুরস্কে বিদেশি ক্রেতাদের জন্য ফ্ল্যাট তৈরি করে এবং বিক্রি করে।

তিনি বলেন, ‘‘রুশ নাগরিকরা আগে ভূমধ্যসাগরের আন্তালিয়া অঞ্চলের মত রিসোর্টগুলোতে বসবাস করতে চাইতেন। এখন তারা নিজেদের অর্থ বিনিয়োগের জন্য ইস্তাম্বুলে অ্যাপার্টমেন্ট কিনছেন।”

এ বিষয়ে জানতে রয়টার্স থেকে কয়েকজন রুশ নাগরিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যারা বাড়ি কিনেছেন। কিন্তু সংবেদনশীল পরিস্থিতির কারণে তাদের কেউই এটা নিয়ে কথা বলতে রাজি হননি।

লাখ লাখ কোটি কোটি ডলারের বাণিজ্য:

তুরস্ক ও আমিরাত উভয় দেশই সম্পদ ক্রেতাদের জন্য নাগরিকত্বের সুযোগ দিচ্ছে। কোনও বিদেশি আড়াই লাখ ডলারের সম্পদ কিনলে এবং তিন বছরের জন্য তা নিজের মালিকানায় রাখলে তুরস্ক তাকে নাগরিকত্ব দেবে।

আবাসনে তার থেকে কিছু কম অর্থ বিনিয়োগ করে সংযুক্ত আরব আমিরাতে মিলবে তিন বছরের জন্য থাকার সুযোগ (রেসিডেন্সি ভিসা)। এজন্য দুই লাখ পাঁচ হাজার মার্কিন ডলার (সাড়ে সাত লাখ দিরহাম) মূল্যের অ্যাপার্টমেন্ট কিনলেই চলবে।

ফলে এ ধরনের অ্যাপার্টমন্টে কেনার চাহিদা বেড়েছে। এমনকি দুবাইয়ের পাম জুমেইরাহ এর মত কৃত্রিম দ্বীপগুলোতে ৬০ লাখ দিরহাম মূল্যের অ্যাপার্টমেন্টও কেনা হয়েছে বলে জানান আবাসন কর্মকর্তারা।

নগদ অর্থ এবং ক্রিপ্টোকারেন্সি:

আরব আমিরাত ভিত্তিক রয়্যাল হোম রিয়েল এস্টেটের দালাল এলেনা টিকচেঙ্কো বলেন, যেসব রুশ নাগরিকের দুবাইয়ে ব্যাংক একাউন্ট আছে তাদের জন্য সম্পত্তি কেনা তুলনামূলক সহজ।

তবে যাদের তা নেই তারা বন্ধুবান্ধবের দ্বারস্থ হচ্ছেন। কেউ আবার সাহায্য চেয়ে যোগাযোগ করছেন। তবে অনেকের জন্য এমন সম্পত্তি কিনতে অর্থ জড়ো করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

টিকচেঙ্কো বলেন, ‘‘দুবাইয়ে সম্পত্তি কেনার ইচ্ছা এক জিনিস আর সেটা করতে পারা অন্য জিনিস।”রাশিয়া থেকে আমিরাতে অর্থ স্থানান্তর বেশ কঠিন বলেও জানান তিনি।

তুরস্কে নতুন এসেছেন এমন অনেক রুশ নাগরিক ব্যাংকে অর্থ জমা ও স্থানান্তর করতে হিমশিম খাচ্ছেন। কারণ, তুরস্কের ব্যাংকগুলো পশ্চিম নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত নিয়মকানুন অনুরসণ এবং ভিসা ও মাস্টারকার্ড থেকে রাশিয়াকে বাদ দেওয়ায় জটিলতা আরও বেড়েছে।

অবশ্য কালোটাকার প্রবেশ ঠেকাতে গত বছরই সংযুক্ত আরব আমিরাত ব্যাংকগুলোর জন্য নতুন দিকনির্দেশনা জারি করে। যেখানে অর্থের সন্দেহজনক স্থানান্তরের ক্ষেত্রে পরিচয় এবং উৎস সম্পর্কে খোঁজখবর প্রক্রিয়া কঠোর করা হয়।

আমিরাতের একটি ব্যাংকের একজন জ্যেষ্ঠ নির্বাহী জানান, এখনও সেখানকার ব্যাংকগুলো একই দিকনির্দেশনা অনুরসণ করছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের জন্য এখনও কোনো নতুন নির্দেশ আসেনি।

ইস্তাম্বুলের বাবাকান বলেন, এখন পর্যন্ত তারা যে কয়েকজন রুশ নাগরিকের কাছে সম্পত্তি বিক্রি করেছেন, তাদের সবাই কোনও সমস্যা ছাড়াই ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করেছেন।

যদিও কেউ কেউ ক্রিপ্টোকারেন্সি থেকে কনভার্ট করা নগদ অর্থ ব্যবহার করেছেন বলে জানায় একটি কোম্পানি। নিষেধাজ্ঞার কারণে অর্থ স্থানান্তর জটিল হয়ে পড়ায় এটাকে তারা একটি উপায় হিসেবে নিয়েছে।