মারিউপোলের পতন ‘অত্যাসন্ন’
রাশিয়া ইউক্রেইনে সর্বাত্মক হামলা শুরুর কয়েকদিন পর থেকে যে শহরটির দখল নিতে মুখিয়ে ছিল, সেই মারিউপোলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আর অল্প কয়েকদিনের মধ্যে রুশ সেনাদের হাতে চলে যাবে বলে মনে করছেন যুক্তরাজ্যভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়াল ইনস্টিটিউট সার্ভিসেস ইনস্টিটিউটের এক বিশ্লেষক।
প্রতিষ্ঠানটির স্থলযুদ্ধ সংক্রান্ত গবেষক জ্যাক ওয়াটলিং বলছেন, মারিউপোলের দখল পেলে রুশ সেনারা দনবাসের অন্যত্র থাকা ইউক্রেইনীয় ইউনিটগুলোকে চেপে ধরবে। দীর্ঘসময় ধরে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেইনের সেরা ইউনিটগুলোর কয়েকটি ওই অঞ্চলেই আছে।
দুই বাহিনীর সেনাদের মধ্যে মনোবল, সরঞ্জাম ও রসদের ক্ষেত্রে যে ব্যাপক পার্থক্য বিদ্যমান, কিইভের উত্তরের শহর ইরপিন ফের ইউক্রেইনীয় বাহিনীর নিয়ন্ত্রণে যাওয়া তাই দেখাচ্ছে বলেও ওয়াটলিং মন্তব্য করেছেন, জানিয়েছে বিবিসি।
রয়াল ইনস্টিটিউট সার্ভিসেস ইনস্টিটিউটের এ বিশ্লেষকের মতে, সাধারণত কোনো একটি এলাকার নিয়ন্ত্রণ নিতে হলে প্রতিপক্ষের চেয়ে ন্যূনতম ৩ গুণ বেশি সৈন্য লাগে, শহরাঞ্চলে আরও বেশিও লাগে।
“এটা দেখাচ্ছে তাদের কামানগুলোর জন্য নতুন গোলা নেই, এই মুহুর্তে তারা সত্যিই খুব ঝুঁকিতে আছে,” রুশ সেনাদের ইরপিনের নিয়ন্ত্রণ হারানো নিয়ে বলেছেন তিনি।
দনবাস অঞ্চলে ইউক্রেইনীয় বাহিনীর রসদও ফুরিয়ে আসছে বলে ধারণা তার।
“তাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে, তারা ক্লান্ত হয়ে পড়ছে। এটা হতে যাচ্ছে ইউক্রেইনীয় সেনাবাহিনীর জন্য বড় ধরনের ধাক্কা,” বলেন ওয়াটলিং।
