মারিউপোল থেকে ‘হাজারো মানুষ অপহৃত’
ইউক্রেইনের মারিউপোল থেকে হাজার হাজার বাসিন্দাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের এমপি ইন্না সোভসান।
তিনি বলেন, ২০ হাজার মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ায় নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে, “তাদেরকে মূলত রাশিয়া অপহরণ করেছে।”
মারিউপোলের পরিস্থিতিও খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন ইন্না। ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় এই বন্দর নগরী রাশিয়ার গোলা হামলায় বিধ্বস্ত হয়েছে।
বহু মানুষ নগরী ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আরও ১৬০,০০০ মানুষ এখনও সেখানে আটকা পড়ে আছে।
বিবিসি জানায়, স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, মারিউপোলের পূর্বে বেজিমেনে এলাকায় একটি অস্থায়ী শিবিরে আনুমানিক ৫ হাজার মানুষকে আশ্রয় দিয়েছে রাশিয়া।
মারিউপোলের বহু শরণার্থী এই নগরী এবং রাশিয়ার রোস্তোভ নগরীর মাঝামাঝি একটি ক্রীড়া কেন্দ্রে আশ্রয় নিয়ে আছে।
ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী বলেছেন, কিইভের সঙ্গে কোনও সমন্বয় না করেই ৪০ হাজার মানুষকে ইউক্রেইন থেকে রাশিয়া-নিয়ন্ত্রিত ভূখন্ডে নিয়ে যাওয়া হয়েছে।
রাশিয়ায় অবস্থান করা মারিউপোলের এক শরণার্থী বলেছেন, “আমাদের সবাইকে জোর করে তুলে আনা হয়েছে।”
রাশিয়া অবশ্য হাজার হাজার ইউক্রেইনীয়কে জোর করে তুলে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে।
রুশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, শত শত মানুষকে রাশিয়ার ১ হাজার কিলোমিটার উত্তরে ইয়ারোস্লাভল এবং রিয়াজান অঞ্চলে ট্রেনে করে পাঠানো হয়েছে।
