ইউক্রেইনে আগ্রাসন কি পরমাণু অস্ত্রের দিকে ঠেলে দেবে জাপানকেও?
পৃথিবীর একমাত্র দেশ জাপান, যারা পরমাণু অস্ত্রের হামলার শিকার হয়েছে। একবার নয় দু’দুবার। হামলার সেই ভয়াবহ স্মৃতি আজও যে দেশের নাগরিকদের তাড়িয়ে বেড়ায়। তারা কী নিজেদের হাতে সেই অস্ত্র পেতে চাইবে?
জাপানের নাগরিকরা কোনও দিনও পরমাণু অস্ত্রকে মেনে নেবে না। গত ৭৭ বছর ধরে এমনটাই ভাবা হলেও এখন সময় বদলেছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমর শক্তিতে পেরে উঠতে জাপানেরও চাই পরমাণু অস্ত্র।
দেশটির অন্তত একজন প্রভাবশালী রাজনীতিবিদ গত কয়েক সপ্তাহ ধরে এ পরামর্শই দিয়ে আসছেন। তিনি আর কেউ নন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শিনজো আবে।
তিনি জোরেশোরে এবং জনসম্মুখেই বলতে শুরু করেছেন যে, পরমাণু অস্ত্রের বিষয়টি জাপানের নাগরিকদের গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে ভাবা উচিত।
আবে এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছেন, যেটি জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যে সংবিধানে শান্তির পক্ষে থাকার প্রতিশ্রুতি দেওয়া আছে।
কিন্তু তার এই বিষয়টি নিয়ে কথা বলা কাকতালীয় নয়। রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে অস্ত্রের জন্য আবের এই ডাক।
রাশিয়া যেভাবে ইউক্রেইনে হামলা চালিয়েছে এবং নানা আন্তর্জাতিক সংগঠন যেখানে নীরব দর্শকের ভূমিকা নিয়েছে তাতে যে কোনও দেশই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠবে।
আর শিনজো আবে তো আরও আগে থেকেই পূর্ণ সমর শক্তিধর এক জাপানের স্বপ্ন মনে মনে লালন করছেন। তার মতো আরও যারা এমন স্বপ্ন দেখছেন, তাদের দাবি কতটা যুক্তিযুক্ত তার মোক্ষম উদাহরণ হিসাবে হাজির হয়েছে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন।
ইউক্রেইন যুদ্ধই বলে দিচ্ছে, যে দেশগুলো তাদের পরমাণু অস্ত্রধারী আগ্রাসী প্রতিবেশী দেশের বিরুদ্ধে সঠিকভাবে নিজেদের রক্ষা করতে পারে না, তাদের ভাগ্যে কী ঘটতে পারে? এমন শক্তিশালী প্রতিবেশীদের প্রতিরোধ করতে হলে তাদের মতোই সমরশক্তি থাকা চাই।
অস্ট্রেলিয়ার সাংবাদিক এবং ‘এশিয়াজ রেকনিংয়’ এর লেখক রিচার্ড ম্যাকগ্রেগর মনে করেন, আবে সঠিক সময়ে একেবারে সঠিক তর্কটিই সবার সামনে নিয়ে এসেছেন। সত্যিকার অর্থেই জাপানের জনগণের পরমাণু অস্ত্র নিয়ে ভাবার সময় চলে এসেছে।
বিবিসি-কে তিনি বলেন, ‘‘আমার ধারণা, শিনজো আবে পরমাণু অস্ত্র নিয়ে জনমত গঠন করতে চান এবং সে চেষ্টাই করছেন। কিন্তু জাপানের জনগণের মধ্যে এখনও এর গ্রহণযোগ্যতা নেই।”
একটি পরিসংখ্যানেই বিষয়টি পরিষ্কার হয়। আর তা হচ্ছে, গত বছর জাপানজুড়ে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ মানুষ চায় জাপান পরমাণু অস্ত্র নিষিদ্ধ চুক্তিতে সই করুক।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
কিন্তু আবে একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং তিনি খুব ভাল করেই জানেন, ইউক্রেইন যুদ্ধ পরিস্থিতি জাপানের জনগণের কাছে বড় ধাক্কা। আর জাপানের জনগণ তাদের পরমাণু শক্তিধর রহস্যময় প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া এবং ক্রমশ আগ্রাসী হয়ে উঠতে থাকা চীনকে নিয়ে উদ্বিগ্ন।
আবের দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা এবং রক্ষণশীল শিক্ষাবিদ অধ্যাপক ইওইচি শিমাদা বলেন, ‘‘তিনি (আবে) মনে করেন, চীন বা উত্তর কোরিয়ার বিরুদ্ধে অনেকটা স্বাধীনভাবে হামলার সক্ষমতা থাকা জাপানের জন্য অপরিহার্য। আর তা সম্ভব হবে পরমাণু অস্ত্রভাণ্ডার থাকলে। তাই তিনি বিষয়টি নিয়ে বিতর্ক উসকে দিতে চান।”
‘‘জাপান সরকারের সরকারি অবস্থান এখন যুক্তরাষ্ট্রের বর্ধিত (পারমাণবিক) প্রতিরোধের উপর নির্ভর করা। কিন্তু জাপান সরকার নিজ দেশে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র স্থাপনের অনুমতি দেয়নি। এটা স্বার্থপরের মতো কাজ।”
“সুতরাং, আবে জাপান সরকারকে নিজেরাই পরমাণু অস্ত্র তৈরি করার পরামর্শ দিচ্ছেন না বরং যুক্তরাষ্ট্র থেকে কিছু পরমাণু অস্ত্র এনে রাখার পরামর্শ দিচ্ছেন” বলেও মনে করেন এই অধ্যাপক।
জার্মানি, বেলজিয়াম, ইতালি এবং নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র থেকে পরমাণু অস্ত্র কিনে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করেছে।
ভবিষ্যতে কখনও পরমাণু যুদ্ধ শুরু হলে ওইসব দেশ যারা পরামণু অস্ত্র শক্তিধর নয়, কিন্তু নিজেদের বিমান ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রের হয়ে ওই অস্ত্র নিক্ষেপ করতে পারে।
আবেও জাপানের জন্য এই ব্যবস্থা রাখারই প্রস্তাব করছেন। কিন্তু জাপানে সেটি এখনও অনেক দূরের পথ। কারণ,জাপানের আইনানুযায়ী, সেদেশে সেই ১৯৭১ সাল থেকে যে কোনও ধরনের পরমাণু অস্ত্র নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞা নিয়ে এখন বিতর্ক শুরুর জন্য যে কেবল আবেই হাঁকডাক করছেন তা নয়, তার মতো করে আরও অনেকেই ভাবছেন।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন জাপানের রাষ্ট্রদূত হিসাবে কাজ করা রিওজো কাতো বলছেন, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার মতো প্রতিবেশী থাকতে জাপান কেবল যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির ছায়ার নিচে থাকতে পারে না।
তার মতে, বিশ্বের কিছু কিছু দেশের উন্মাদ নেতা জাপানে পারমাণবিক অস্ত্র ছোড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কিংবা রাজনৈতিকভাবে হুমকি-ধামকি দিতে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেন। এরকম হুমকির মুখে জাপানের অবস্থান দুর্বল। তাই প্রতিরক্ষার জন্য জাপানকে আরও বেশিকিছু করতে হবে।”
