মারিউপোলে বোমা হামলার মধ্যে এখনও একলাখ মানুষ অবরুদ্ধ: জেলেনস্কি
ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে রাশিয়ার অবিরাম তীব্র বোমা হামলার মধ্যে এখনও এক লাখ মানুষ অবরুদ্ধ হয়ে আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি।
মঙ্গলবার রাতে টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে তিনি বলেন, “আজ পর্যন্ত নগরীতে প্রায় এক লাখ মানুষ আছে অমানবিক পরিস্থিতিতে এবং সম্পূর্ণ অবরোধের মধ্যে। তাদের খাবার, পানি ও ওষুধ নেই। অবিরাম গোলাগুলি, বোমা হামলার মধ্যে আছে তারা।”
জেলেনস্কি অভিযোগ করে বলেন, মানবিক করিডরের দিয়ে বেসামরিক নাগরিকদের উদ্ধারের চেষ্টা রাশিয়ার ‘গোলাবর্ষণ বা ইচ্ছাকৃত সন্ত্রাস’ এর কারণে বাধাগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ইউক্রেইনের কর্মকর্তারা এবং মিত্ররা নগরীতে সাহায্য নিয়ে আসা এবং বাসিন্দাদের বাইরে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। মঙ্গলবার প্রায় ৭ হাজার জনকে নগরীর বাইরে বের করা গেছে।
কিন্তু মানবিক করিডোর দিয়ে পালানোর চেষ্টা করার সমও মানুষ হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার পালানোর পথে একটি গাড়িবহর রুশ সেনারা আটক করেছে বলে জানান জেলেনস্কি।
তিনি আরও বলেন, “জরুরি সেবা কর্মী এবং বাস চালকদেরকে বন্দি করা হচ্ছে। আমরা আমাদের মানুষদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা এবং মানবিক সাহায্য আসার ব্যবস্থা করার জন্য যা কিছু করা সম্ভব সবই করছি।”
