২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

খুনিদের আশ্রয়স্থল হবেন না: ইতালির পার্লামেন্ট ভাষণে বললেন জেলেনস্কি

রুশ ধনকুবেরদের সব সম্পদ জব্দ করার পাশাপাশি রাশিয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য ইতালিকে আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইতালিকে রুশ ধনকুবেরদের স্বর্গরাজ্য না হওয়ারও দাবি জানান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 11:24 PM

Updated : 28 Apr 2022, 11:54 PM

মঙ্গলবার অনলাইনে ইতালির পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘‘কারা সেনাদের যুদ্ধে যেতে বলেছে এবং কারা এই যুদ্ধ ছড়াচ্ছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তাদের প্রায় সবাই অবকাশ যাপনের জন্য ইতালিকে বেছে নেয়। সুতরাং, খুনিদের আশ্রয়কেন্দ্র হবেন না।”

‘‘তাদের সব সম্পদ, ব্যাংক একাউন্ট, ইয়ট জব্দ করুন। যারা যুদ্ধে প্ররোচণা দিচ্ছে তাদের সব সম্পদ জব্দ করুন এবং শান্তির জন্য সেগুলো ব্যবহার করুন। রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোকে সমর্থন জানান, তাদের উপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেন, তেল দিয়ে তা শুরু করুন।”

রাশিয়ার সব জাহাজ ইতালির বন্দরে প্রবেশ নিষেধ এবং রুশ মালিকানাধীন সব ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘‘অবশ্যই যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে হবে। শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করুন।”

‘‘ইউক্রেইন থেকে শত্রুবাহিনীকে মুছে ফেলুন। সব মাইন সরিয়ে ফেলুন এবং পুনর্গঠন করুন। এই যুদ্ধের পর ইউক্রেইনকে পুনর্গঠন করুন। আপনার সঙ্গে একসাথে, ইতালির সঙ্গে একজোট হয়ে। ইউরোপের সঙ্গে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে।”

ইউক্রেইন দখলের পর রাশিয়া ইউরোপের বাকি ‍অংশ দখলের চেষ্টা করবে বলে সতর্ক করে দিয়ে জেলনস্কি আরও বলেন, তার দেশ রাশিয়ার সঙ্গে লড়াইয়ে টিকে থাকার দ্বারপ্রান্তে রয়েছে।

‘‘রাশিয়ার বাহিনীর জন্য ইউক্রেইন ইউরোপে প্রবেশের ফটক, যেটা তারা ভেঙে ভেতরে প্রবেশ করতে চায়। কিন্তু অবশ্যই বর্বরদের এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না,” বলেন তিনি।

‘‘সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল দুর্ভিক্ষ, (এই যুদ্ধের কারণে) কিছু কিছু দেশে যেটা দেখা দিতে শুরু করেছে। ইউক্রেইন সব সময়ই খাদ্য রাপ্তানিকারক বৃহৎ দেশগুলোর একটি। কিন্তু রাশিয়ার গোলা হামলার মুখে আমরা কীভাবে জমি চাষ করব?।”

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবানন, মিশর, ইয়েমেন এবং আরও বেশ কয়েকটি দেশ গত কয়েক বছর ধরে ইউক্রেইনের গমের উপর নির্ভরশীল।

ইউক্রেইন যুদ্ধের কারণে গত মাস থেকেই গমের দাম রকেট গতিকে উপরে উঠছে এবং এরইমধ্যে ৫০ শতাংশ বেড়ে গেছে।

জেলেনস্কির বক্তব্যের জবাবে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেইন ‘বীরের মত’ রুখে দাঁড়িয়েছে।

তিনি ইউক্রেইনকে আরো সামরিক সহায়তা এবং যুদ্ধের কারণে শরণার্থী হয়ে পড়া ইউক্রেইনীয়দের সাহায্য করা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।