পাখি ধরতে গিয়ে আমাজনে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান
ছোট পাখি ধরতে গিয়ে ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে হারিয়ে যাওয়ার প্রায় চার সপ্তাহ পর আদিবাসী দুই ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি আমাজোনাস অঙ্গরাজ্যের ম্যানিকোর এলাকার কাছাকাছি জঙ্গলে হারিয়ে যায় আট বছর বয়সী গ্লাউকো এবং ছয় বছরের গ্লেইসেন ফেরেইরা।
পরে স্থানীয় একজন কাঠুরে গত মঙ্গলবার ঘটনাক্রমে তাদের সন্ধান পান। অপুষ্টিতে ভোগা শিশু দুটি হাসপাতালের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়।
দুই ভাই নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয় কয়েকশ মানুষ কয়েক সপ্তাহ ধরে সন্ধান করেও তাদের হদিস পায়নি। আমাজনে বর্ষা মৌসুমে অন্য সময়ের চাইতে জঙ্গলে হাঁটা কিংবা চলাফেরা করা বেশ দুরূহ।
এই সময়টাতে জঙ্গলে দুই সহোদরকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান বন্ধ ঘোষণা করে জরুরি সেবার কর্মীরা। তবে স্থানীয়রা অনুসন্ধান অব্যাহত রাখে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম আমাজোনিয়া রিয়াল।
প্রায় চার সপ্তাহ পর শিশু দুটিকে তাদের গ্রাম পালমেইরা থেকে ৬ কিলোমিটার দূরে পেয়েছেন এক কাঠুরে। সংরক্ষিত বনাঞ্চল লাগো কাপানা’র ওই গ্রামটিতে দুই ভাই তাদের মা-বাবার সঙ্গে থাকে।
আমাজোনিয়া রিয়াল জানায়, কাছাকাছি এলাকায় স্থানীয় এক ব্যক্তির গাছ কাটার শব্দ পেয়ে দুই ভাইয়ের মধ্যে একজন সহায়তার জন্য চিৎকার করে ডাক দেয়। তাতে সাড়া দিয়ে ওই ব্যক্তিটি রেইনফরেস্টের মাটিতে শিশু দুটিকে শায়িত অবস্থায় পান, তারা ক্ষুধার্ত ও দুর্বল ছিল তাদের গায়ে অনেক আঁচড় ছিল।
সংবাদ মাধ্যমে বলা হয়, উদ্ধারের পর দুই ভাই তাদের মা-বাকে জানিয়েছে, হারিয়ে যাওয়ার পর থেকে তারা কিছুই খায়নি, বৃষ্টির পানিতেই তারা জীবন বাঁচিয়েছে।
গ্লাউকো এবং গ্লেইসেনকে উদ্ধারের পর প্রথমে ম্যানিকোর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়। পরে হেলিকপ্টারে করে মানাউসে অন্য একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানায় ব্রাজিলীয় টেলিভিশন গ্লোবো।
আমাজন রেইনফরেস্টে নিখোঁজ হওয়ার ঘটনা এই প্রথম নয়। গেল বছরের শুরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট আন্তোনিও সেনা ব্রাজিলীয় আমাজনের দুর্গম অংশে ৩৬ দিন নিখোঁজ ছিলেন।
আমাজন রিয়াল জানায়, ২০০৮ সালে ১৮ বছর বয়সী আদিবাসী এক যুবক শিকারে গিয়ে বনের গহীনে হারিয়ে যান। নিখোঁজের ৫০ দিন পর উদ্ধার হলেও অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
