টেক্সাসে কিশোর চালকের পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। ১৩ বছর বয়সী এক শিশু পিকআপটি চালাচ্ছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি) বৃহস্পতিবার জানিয়েছে, নিহতদের মধ্যে নিউ মেক্সিকোর একটি কলেজের পুরুষ ও নারী গলফ টিমের ৬ সদস্য ও একজন কোচ আছেন।
মঙ্গলবার পশ্চিম টেক্সাসে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের এ ঘটনাটি ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে এনটিএসবির ভাইস চেয়ারম্যান ব্রুস ল্যান্ডসবার্গ বলেছেন, “ওই পিকআপ ট্রাকের চালকের আসনে ১৩ বছর বয়সী একটি শিশু ছিল।”
তিনি জানান, অনুসন্ধানে এমন ধারণা পাওয়া গেছে, পিকআপের সামনের বাম দিকের একটি চাকা ফেটে যায়, এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বামদিকে বিপরীতমুখি লেনে চলে গিয়ে অপরদিকে থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
“এটি খুব পরিষ্কার, দুই উচ্চ গতির ভারী যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে,” বলেছেন তিনি।
নিউ মেক্সিকোর হসবসের বেসরকারি খ্রিস্টান বিশ্ববিদ্যালয় সাউথওয়েস্ট কলেজ জানিয়েছে, তাদের মাইক্রোবাসটিতে ৯ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে আর বাকি দুই জন সঙ্কটজনক অবস্থায় টেক্সাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
টেক্সাসের অ্যান্ড্রু কাউন্টিতে ঘটা এই দুর্ঘটনায় পিকআপের ওই শিশু চালক ও সঙ্গে থাকা এক যাত্রীও নিহত হয়েছে।
