২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ ফসকে কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বললেন বাইডেন

মুখ ফসকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের মধ্যেই হাস্যরস সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 08:04 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

মঙ্গলবার হোয়াইট হাউসে 'ইক্যুয়াল পে ডে' অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই ভুল করেন বাইডেন।

স্বামী ডগ এমহফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কমলা হ্যারিস। সেকথা জানাতে গিয়েই ভুলটি করেন বাইডেন।

তিনি বলেন, মঞ্চে আসন বিন্যাসে কিছু বদল আনতে হয়েছে। কারণ, আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিড আক্রান্ত হয়েছেন। টুইটারে আসা একটি ভিডিওতে বাইডেনকে একথা বলতে শোনা যায়।

এরপরই ভিডিওতে দেখা যায়, দর্শকের আসন থেকে এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দেন। আর সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর হাসির রোল পড়ে যায়।

ওই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে প্রেসিডেন্ট বাইডেন মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে ওঠেন। ভুল স্বীকার করে নিজের মুখ ফসকানো স্বভাব নিয়ে মজা করতে দেখা যায় তাকে।

হাত তুলে স্ত্রীর দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, “ঠিক, সে ঠিক আছে। বরং আমিই হচ্ছি সেই ব্যক্তি, যার এটা হওয়ার কথা না। আর ফার্স্ট জেন্টেলম্যান, সেটা কেমন?”

মঙ্গলবারেই কোভিডে আক্রান্ত হয়েছেন হ্যারিসের স্বামী ডগ। তবে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

ওয়াশিংটনে ডগ এমহফই হচ্ছেন দ্বিতীয় ডেমোক্র্যাট যিনি সর্বশেষ কোভিড আক্রান্ত হয়েছেন। তার আগে রোববার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও কোভিড আক্রান্ত হয়েছেন।