২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক যান নিয়ে রাশিয়ার চারটি উভচর বাহন ‘যাচ্ছে ইউরোপ’

জাপানের খুব কাছ দিয়ে রাশিয়ার চারটি বিশাল উভচর বাহনকে পশ্চিম অভিমুখে, ‘সম্ভবত’ ইউরোপের দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছে জাপানের সামরিক বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 01:56 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উভচর যুদ্ধজাহাজ সাধারণত তীরে বিপুল পরিমাণ সেনা ও সরঞ্জাম নামাতে ব্যবহৃত হয়।

খুব কাছ দিয়ে যাওয়া রাশিয়ার ওই নৌযানগুলোর কিছু ছবিও প্রকাশ করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়; এসব ছবিতে একটির জাহাজের ডেক সামরিক ট্রাকে ঠাসা বলেই মনে হয়েছে।

এগুলো ইউক্রেইনের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “নৌযানগুলো কোথায় যাচ্ছে, তা জানি না আমরা। তবে ওই দিকেই (ইউক্রেইন) হতে পারে বলে তাদের যাত্রাপথ ইঙ্গিত দিচ্ছে।”

জাপানের সেলফ ডিফেন্স বাহিনীর সমুদ্রে টহল দেওয়া একটি দল মঙ্গলবার প্রথম কয়েক ডজন ট্যাংক, অন্যান্য সামরিক যান ও কয়েকশ সেনাকে বহনকারী ওই নৌযানগুলো দেখতে পায় এবং বুধবার প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে জাপানের মূল ভূখণ্ড হনশু দ্বীপ এবং হোক্কাইডো দ্বীপকে বিচ্ছিন্ন করা সঙ্কীর্ণ সুরুগা প্রণালীর ভেতর দিয়ে জাপান সাগরে প্রবেশ করা পর্যন্ত পর্যবেক্ষণে রাখে।

জাপানের এত কাছ দিয়ে সুরুগা প্রণালীর ভেতর দিয়ে রাশিয়ার জাহাজের যাত্রা বেশ অস্বাভাবিক, বলেছেন সামরিক বাহিনীর ওই মুখপাত্র।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের পাঠানো ট্যাংকবিধ্বংসী অস্ত্র দিয়ে ইউক্রেইনের যোদ্ধারা রাশিয়ার সাঁজোয়া ও জ্বালানি ট্রাকগুলোর ব্যাপক ক্ষতিসাধন করেছে; যে কারণে মস্কোর হয়তো তার ‘বিশেষ সামরিক অভিযান’ চালাতে আরও সেনা এবং নতুন সরঞ্জামের প্রয়োজন পড়ছে।

নেটো দেশগুলো এরই মধ্যে ইউক্রেইনকে ২০ হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্রসহ নানান অত্যাধুনিক অস্ত্র দিয়েছে; রুশ হামলা ঠেকাতে ইউক্রেইনে এই অস্ত্র সরবারহ অব্যাহত রাখা হবে বলেও বুধবার জানিয়েছে তারা।