২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদী রুশ সাংবাদিক জরিমানা দিয়ে পেলেন পার

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ান এ সরাসরি খবর চলার মধ্যেই যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হওয়া নারী সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভা জরিমানা দিয়ে পার পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 10:49 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড দেখানোর পর তিনি আটক হন। তার আইনজীবীরা এর আগে ওভসিয়ান্নিকোভার নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিলেন। বলেছিলেন, তারা সারারাত তাকে খুঁজেছেন, কিন্তু পাননি।

পরে মস্কোর একটি আদালতে হাজির করা হয় তাকে।

বিবিসি জানায়, ওভসিয়ান্নিকোভার বিরুদ্ধে অনুমোদন ছাড়া পাবলিক ইভেন্ট আয়োজনের অভিযোগ আনা হয়। সে অভিযোগে তাকে ৩০ হাজার রুবল জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

ওভসিয়ান্নিকোভার সোমবার সন্ধ্যায় চ্যানেল ওয়ান এ লাইভ খবর সম্প্রচারের সময় ইউক্রেইন যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠিকার পেছনে দাঁড়িয়ে যান।

টেলিভিশনের পর্দায় তার প্ল্যাকার্ড কয়েক সেকেন্ড স্পষ্টভাবে দেখা গেছে। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, “যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনার সামনে মিথ্যা বলছেন।”

ইউক্রেইন যুদ্ধ: রাশিয়ায় টিভিতে খবরের মধ্যেই যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড  

ওই ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে ওভসিয়ান্নিকোভার আইনজীবীরা জানান, তারা রাতভর চেষ্টা করেও তাদের মক্কেলেকের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন।

আইনজীবীদের একজন আনাস্তাসিয়া কোসতানোভা বিবিসিকে বলেছিলেন, তিনি অনেক বার ওভসিয়ান্নিকোভাকে ফোন করেছেন। কিন্তু তার ফোন কেউ ধরছে না।

রাশিয়ার নতুন একটি কঠোর আইনে ওভসিয়ান্নিকোভার বিচার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

বলেছিলেন, ‘‘তারা তাকে তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না। এবং তাকে আইনি সহায়তা পেতে বাধা দিচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তারা আমার মক্কেলের বিরুদ্ধে সব থেকে কঠোর প্রসিকিউশন প্রস্তুত করার চেষ্টা চলছে।”

রাশিয়ার নতুন আইনে ইউক্রেইনে রুশ সেনাবাহিনীর অভিযানকে ‘আক্রমণ’ বলা এবং যুদ্ধ নিয়ে ‘ভুয়া খবর’ ছড়ানো নিষিদ্ধ। এ আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

বিবিসি জানায়, মঙ্গলবার রাশিয়ার মিডিয়ায় ওভসিয়ান্নিকোভার একটি ছবি ফলাও করে প্রকাশ করা হয়। যেখানে ওভসিয়ান্নিকোভাকে তার আইনজীবী আন্তন গাশিনস্কির সঙ্গে আদালতে দেখা যায়।

তবে আদালত তাকে ওই অভিযোগে দোষী সাব্যস্ত করেনি।

রায়ের পর ওভসিয়ান্নিকোভা সাংবাদিকদের বলেন, তিনি গত দুইদিন মুহূর্তের জন্যও চোখের পাতা এক করেননি। কোনো আইনজীবী বা স্বজনদের সঙ্গে দেখা করতে না দিয়েই তাকে ১৪ ঘণ্টার উপরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আদালত প্রাঙ্গন ছাড়ার পর তিনি বিবিসিকে বলেন, ‘‘ওটা আমার যুদ্ধবিরোধী সিদ্ধান্ত ছিল। আমি নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি চাইনি রাশিয়া ওই আগ্রাসন শুরু করুক। এটা সত্যিই ভয়ঙ্কর।”