রাশিয়ার আরও ৩৭০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার আরও ৩৭০ ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
নিষেধাজ্ঞা কবলিতদের সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে। এই নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার এক সাবেক প্রেসিডেন্টও আছেন।
তালিকায় যোগ হওয়া নতুন নামগুলো জানিয়েছে বিবিসি। এরা হচ্ছেন:
*দিমিত্রি মেদভেদেভ- রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৮-২০১২), প্রধানমন্ত্রী (২০১২-২০২০) এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান (২০২০ সাল থেকে)
*দিমিত্রি পেসকভ- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র।
*সের্গেই শোইগু- রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
*মারিয়া জাকারোভা- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র
*মার্গারিটা সিমোনিয়ান- রাশিয়া-সমর্থিত নিউজ চ্যানেল আরটি’র প্রধান সম্পাদক
*পিওতর আভেন- রাশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ ব্যাংক (আলফ-ব্যাংক) এর সহপ্রতিষ্ঠাতা
*মিখাইল ফ্রিডম্যান- লন্ডনবাসী ধনাঢ্য রুশ ব্যবসায়ী এবং আলফা ব্যাংকের আরেক সহ-প্রতিষ্ঠাতা।
রাশিয়ার ওপর নতুন করে এই নিষেধাজ্ঞা দেওয়ার আগে যুক্তরাজ্য মস্কোর বাণিজ্যে অবরোধ আরোপ করেছিল। তার মধ্যে ভদকার ওপর ৩৫ শতাংশ শুল্কও আরোপ করা হয়েছিল।
