ইউক্রেইন অভিযান পরিকল্পনামত এগুচ্ছে না, স্বীকার করল রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন বলেছেন, ক্রেমলিন যতটা তাড়াতাড়ি চেয়েছিল ইউক্রেইনে রুশ সামরিক অভিযান সেইমতো এগুচ্ছে না।
ইউক্রেইনে রুশ অভিযান যে পরিকল্পনামত এগুচ্ছে না সে ব্যাপারে মস্কো থেকে এটিই প্রথম প্রকাশ্যে অকপট স্বীকারোক্তি।
রাশিয়ার ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলোতভ রোববার অর্থোডস্ক প্যাট্রিয়ার্ক কিরিল চার্চে বক্তব্য রাখার সময় ইউক্রেইন অভিযানে অপ্রত্যাশিতরকম শ্লথগতির জন্য কট্টর-ডানপন্থি ইউক্রেইনীয় বাহিনীকে দোষারোপ করে বলেছেন, তারা বেসামরিক নাগরিকদের আড়ালে লুকিয়ে থাকছে। এই অভিযোগ রাশিয়ার কর্মকর্তারা বারবারই করে এসেছেন।
জোলোতভের বক্তব্য গত শুক্রবারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর তুলে ধরা মূল্যায়নের উল্টো চিত্রই সামনে এনেছে। রুশ প্রেসিডেন্ট পুতিনকে ওইদিন ইউক্রেইন অভিযান নিয়ে শোইগু বলেছিলেন, “সবকিছু পরিকল্পনামতোই চলছে।”
ওদিকে, ভিক্টর জোলোতভ বলছেন, “আমি বলতে চাই- হ্যাঁ, সবকিছু আমরা যতটা চাই ততটা দ্রুত এগুচ্ছে না। তবে আমরা ধাপে ধাপে আমাদের লক্ষ্যে অগ্রসর হচ্ছি এবং জয় আমাদেরই হবে।” রাশিয়ার ন্যাশনাল গার্ডের ওয়েবসাইটে পোস্ট করা এক মন্তব্যে একথা বলেন তিনি।
রাশিয়ার প্রভাশালী নিরাপত্তা কর্মকর্তা জোলোতভ একসময় প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিলেন। বর্তমানে তিনি রাশিয়ার দাঙ্গা পুলিশ ও অন্যান্য বাহিনী নিয়ে গঠিত ন্যাশনাল গার্ডের প্রধান। এই বাহিনী সরাসরি পুতিনের অধীনে কাজ করে এবং ইউক্রেইনে এই বাহিনীর সদস্য মোতায়েন আছে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে অভিযান শুরু করেছিল। এ অভিযান দু’সপ্তাহের মধ্যেই শেষ করার পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিবিসি-কে এমনটিই জানিয়েছিলেন ক্রেমলিনের উপদেষ্টা অ্যান্ড্রে কোরতুনভ।
যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপীয় মিত্রদেশগুলো পুতিনের এই আগ্রাসনকে সাম্রাজ্যবাদী-ধাঁচের ভূমি অধিগ্রহণ হিসাবেই বর্ণনা করেছে। কিন্তু ইউক্রেইনের প্রবল প্রতিরোধের কারণে এখন পর্যন্ত রাশিয়া যুদ্ধে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি। ওদিকে পশ্চিমা দেশগুলোও একজোট হয়ে রাশিয়াকে শাস্তি দিতে তৎপর হয়েছে।
