ইউক্রেইনের শরণার্থীদেরকে আশ্রয় দিলে মাসে ৩৫০ পাউন্ড: যুক্তরাজ্য
রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেইন থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিতে অভিনব উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। এই শরণার্থীদেরকে কেউ আশ্রয় দিলে আশ্রয়দাতার জন্য মাসে ৩৫০ পাউন্ড আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ইউক্রেইনের জন্য বাড়ি।’ প্রকল্পটির আওতায় যুক্তরাজ্যে কোনও আত্মীয়স্বজন না থাকলেও ইউক্রেইনীয় শরণার্থীরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে সেদেশে যেতে পারবেন।
আর যুক্তরাজ্যে যাওয়ার পর যদি কোনও ব্যক্তি বা পরিবার এই শরণার্থীদেরকে বাসায় কমপক্ষে ৬ মাসের জন্য বিনা ভাড়ায় একটি কক্ষ দেন বা থাকার জায়গা করে দেন, তাহলে তারা সরকারের কাছ থেকে প্রতি মাসে ৩৫০ পাউন্ড ভাতা পাবেন।
গৃহায়নমন্ত্রী মাইকেল গোভ বিবিসি-কে বলেন, এই প্রকল্পের আওতায় লাখো মানুষ যুক্তরাজ্যে আসতে পারেন এবং তিনি একজন শরণার্থীকে একটি ঘর দিতে পারেন।
তাছাড়া, শরণার্থীদেরকে সহায়তা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষও বাড়তি ১০,৫০০ পাউন্ড পেতে পারে এবং স্কুলে পড়ুয়া শিশুদের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে গৃহায়ন ও যোগাযোগ বিষয়ক বিভাগ।
রাশিয়ার আগ্রাসনের মুখে এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেইন ছেড়ে পালিয়েছে। জাতিসংঘ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপে দ্রুত বাড়ছে শরণার্থী। এই শরণার্থী সংকট চটজলদি সামাল দিতে পদক্ষেপ না নেওয়ার জন্য ব্রিটিশ সরকার সমালোচনার মুখে পড়েছে।
সরকারের পদক্ষেপের সাফাই গেয়ে গৃহায়নমন্ত্রী গোভ বিবিসি কে বলেছেন, যুদ্ধের মুখ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয়দের ভিসা মঞ্জুর করা হচ্ছে। ভিসা পাওয়া শরণার্থীদের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজারে।
গোভ আরও বলেন, তার ধারণা যুক্তরাজ্যের পরিবারগুলো লাখো ইউক্রেইনীয় শরণার্থীকে আশ্রয় দেবে এবং ‘ইউক্রেইনের জন্য বাড়ি’ প্রকল্পের আওতায় যুদ্ধ থেকে পালিয়ে আসা লোকজন ‘এক সপ্তাহের মধ্যেই’ উপকৃত হবেন বলে তিনি আশা করেন।
