২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশদের আকাশ ভ্রমণের পথ এখন সার্বিয়া

ইউক্রেইনে অভিযানের পর নিষেধাজ্ঞার বেড়াজালে রাশিয়ার আকাশপথ যখন ছোট হয়ে এসেছে, তখন মস্কো-বেলগ্রেড ফ্লাইট দ্বিগুণ বাড়িয়েছে এয়ার সার্বিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 01:49 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

এর কারণ নিষেধাজ্ঞার কারণে এখন ইউরোপ যেতে সার্বিয়ান করিডোর ব্যবহার করছেন রুশ নাগরিকরা।

যুক্তরাজ্যের সংবাদপত্র গার্ডিয়ান জানিয়েছে, যাত্রীর চাপে রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার সার্বিয়া মস্কো থেকে বেলগ্রেডে ফ্লাইট সংখ্যা দ্বিগুণ বাড়িয়েছে। এখন সপ্তাহে এখন ১৫টি ফ্লাইট আসা-যাওয়া করছে।

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিমানের উপর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়েছে; জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাদের জন্য রাশিয়ার আকাশসীমা বন্ধ করে ‍দিয়েছে।

ভ্রমণ বিশ্লেষক কোম্পানি ‘ফরোয়ার্ডকিস’র মতে, চলমান সঙ্কটের মধ্যে অসুবিধায় পড়া রুশ নাগরিকরা ইউরোপ যেতে তাই ‘একমাত্র করিডোর’ হিসেবে সার্বিয়াকে কাজে লাগাচ্ছে। কারণ, সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়। রাশিয়ার উপর ইউরোপের নিষেধাজ্ঞাও তারা মেনে নেয়নি।

কোম্পানিটি বলছে, মার্চের প্রথম সপ্তাহে রাশিয়া ও সার্বিয়ার মধ্যে বিমানের আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহগুলোতে আরও বাড়ানো হবে।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অলিভিয়ার বলেন, “কী উল্লেখযোগ্য গতি! রাশিয়া ও ইউরোপ ভ্রমণের প্রবেশদ্বার হয়ে উঠেছে সার্বিয়া।”

রাশিয়ানরা ইউরোপের দেশ সাইপ্রাস, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালি ভ্রমণে সার্বিয়া যাচ্ছেন। একইভাবে যুক্তরাজ্য, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, জার্মানি ও স্পেনও ভ্রমণ করছেন তারা।

গার্ডিয়ান জানিয়েছে, শনিবার মস্কো থেকে বেলগ্রেডে যাওয়ার পথে বিজনেস ক্লাসের মাত্র একটি আসন ফাঁকা ছিল, যার দাম ছিল ৫৮৩ পাউন্ড স্টার্লিং বা ৬৪ হাজার টাকা।

আর বিমানের ‘ইকোনমি ক্লাসে’ কোনো আসনই ফাঁকা ছিল না।