২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুমাইয়ে রুশ বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ২২: ইউক্রেইন

ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমাইয়ে রাশিয়ার চালানো বিমান হামলায় তিন শিশুসহ মোট ২২ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 04:02 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

রাশিয়া সোমবার রাতে শহরের উত্তরপূর্ব অংশের আবাসিক এলাকায় বোমা ফেলেছে জানিয়ে সুমাইয়ের আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিবিৎস্কিয়ি এ ঘটনাকে ‘গণহত্যা’ অভিহিত করেছেন।

“এক সন্ধ্যাতেই তিন বোমা। মর্মান্তিক এক রাত ছিল,” টেলিগ্রামে তিনি এমনটাই লিখেছেন বলে জানিয়েছে বিবিসি।

রুশ হামলায় একটি বাড়িরই ৯ জন নিহত হয়েছে; ৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে, ২০টির মতো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে ইউক্রেইনের কর্তৃপক্ষ।

সুমাইয়ে টানা কয়েকদিন ধরে রুশ বাহিনীর গোলাবর্ষণের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসেছে। মঙ্গলবার শহরটি থেকে ৫ হাজার বেসামরিক লোককে সরিয়েও নেওয়া হয়েছে।

বেসামরিক লোকদের সরিয়ে নিতে বুধবারও শহরটিতে ‘মানবিক করিডোর’ খোলা থাকবে বলে ‍রাশিয়া ও ইউক্রেইন উভয় কর্তৃপক্ষের দিক থেকেই আশ্বাস মিলেছে।

সোমবার রাতে ওই বোমা হামলার ঘটনা ঘটলেও ছবিসহ এর বিস্তারিত বুধবার প্রকাশিত হয়েছে।