প্রথমবার সফলভাবে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে, ঘোষণা ইউক্রেইনের
ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমাই থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার দুটি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কিইভ।
“প্রায় ৫ হাজার মানুষ ও এক হাজারের বেশি ব্যক্তিগত যানবাহন এখন নিরাপদ,” বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো।
স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে টেলিগ্রামে দেওয়া তার পোস্টের ফুটেজে মানুষজনকে রাতের বেলায় একটি রেলওয়ে স্টেশনে পৌঁছাতে দেখা গেছে।
টিমোশেঙ্কো এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু জানাননি আর বিবিসি জানিয়েছে, তারা তার পোস্ট করা ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করে দেখেনি।
রাশিয়া সীমান্তের নিকটবর্তী সুমাইয়ে কয়েকদিন ধরেই রুশ বাহিনী তুমুল গোলাবর্ষণ করেছে। রুশ বিমান হামলায় কেবল সোমবারই তিন শিশুসহ শহরটির ২২ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কর্মকর্তারা।
এদিকে যে ‘মানবিক করিডোরের’ ভেতর দিয়ে মঙ্গলবার বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছিল, তা বুধবারও খোলা থাকবে বলে জানিয়েছেন সুমাইয়ের গভর্নর।
কয়েকটি শহর থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুযোগ করে দিতে মস্কো বুধবার আরেকটি ‘মানবিক যুদ্ধবিরতির’ ঘোষণা দিয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনেও জানানো হয়েছে।
কিইভ, চেরনিহিভ, সুমাই, খারকিভ ও মারিওপোলের করিডোরগুলো আগের মতোই স্থানীয় সময় সকাল ১০টা থেকে খুলবে বলে জানিয়েছে তারা।
এ নিয়ে তৃতীয়বার যুদ্ধবিরতির ঘোষণা দিল মস্কো; আগের দুইবার বেশিরভাগ ক্ষেত্রেই এ বিরতি কার্যকর হয়নি।
মঙ্গলবার সুমাই থেকে ৫ হাজার মানুষকে সফলভাবে সরানো গেলেও বেসামরিকদের সরিয়ে নেওয়ার পথে রাশিয়া গোলাবর্ষণ অব্যাহত রাখায় চিরনিহিভে একই রকমের এক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বলে ইউক্রেইন অভিযোগ করেছে।
