ইউক্রেইনে পোলিশ যুদ্ধবিমান পাঠাতে চাপ বাড়ছে
পোল্যান্ড ইউক্রেইনে যুদ্ধবিমান পাঠালে জো বাইডেন প্রশাসন যেন ওয়ারশতে নেটোর বিমান সরবরাহ করে সেজন্য চাপ দিচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা।
পূর্ব ইউরোপের যেসব দেশে এখনও রাশিয়ার নির্মিত বিপুল সংখ্যক ব্যবহৃত যুদ্ধবিমানের মজুদ আছে, পোল্যান্ড তার অন্যতম।
ইউক্রেইনের বিমানচালকরা এসব যুদ্ধবিমান ওড়াতে পারদর্শী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এসব বিমান চেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ওয়ারশ এখনও কিইভে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্রও বলেছে, ইউক্রেইনে বিমান পাঠানো হবে কি হবে না, তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পোল্যান্ডেরই।
বিশ্লেষকদের ধারণা, পোল্যান্ড এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষেপিয়ে তুলতে পারে এবং দুই দেশ যুদ্ধেও জড়িয়ে যেতে পারে।
ইউক্রেইনে পোল্যান্ডের যুদ্ধবিমান পাঠানোর ক্ষেত্রে 'লজিস্টিক্যাল চ্যালেঞ্জের' কথা বলছে হোয়াইট হাউসও। এর অর্থ হচ্ছে, যুদ্ধবিমান 'কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিলেই হচ্ছে- ব্যাপারটা এত সহজ নয়'।
তবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক বিভাগের শীর্ষ আইনপ্রণেতা সেনেটর বব মেন্ডেজ যুক্তরাষ্ট্র সরকারের প্রতি পোল্যান্ড যদি কিইভে বিমান পাঠায় সে ক্ষেত্রে তাদের খালি হয়ে যাওয়া বহর ওয়াশিংটন থেকে অত্যাধুনিক বিমান পাঠিয়ে পূরণ করার আহ্বান জানিয়েছেন।
"আমাদের যে মিত্ররা ইউক্রেইনের প্রতিরক্ষায় বিমান পাঠাবে, তাদের ক্ষতিপূরণে ব্যবস্থা নিতে সেনেটের চেষ্টায় আমি সহযোগিতা করবো," বলেছেন তিনি।
