যুদ্ধবিরতি হলে ৯ হাজার লোক মারিওপোল ছাড়তে পারবে: ডেপুটি মেয়র
ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে সর্বোচ্চ ৯ হাজার বেসামরিক বাসিন্দা মারিওপোল ছাড়তে পারবে বলে আশা প্রকাশ করেছেন শহরটির ডেপুটি মেয়র সেরহি ওরলভ।
ইউক্রেইনের থাকা বিবিসির সাংবাদিক জো গান্টারের সঙ্গে কথা বলার সময় এ আশা প্রকাশ করেন তিনি।
ওরলভ বলেন, “সারারাত ধরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলে। মাত্র কয়েক ঘণ্টা আগে এ বিষয়ে চুক্তি হওয়ার পর ঘোষণা দেওয়া হয়। আমরা নিশ্চিত করছি, স্থানীয় সময় ৯টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
“প্রস্তুতি নেওয়া ও লোকজনকে বের করে আনার জন্য তৎক্ষণিকভাবে কাজ শুরু করি আমরা। এরমধ্যে ৫০টি বাসের ব্যবস্থা করতে পেরেছি। এসব বাসে করে ৫ থেকে ৬ হাজার মানুষকে জাপোরিজিয়ার দিকে পাঠিয়ে দিতে পারবো বলে ধারণা করছি আমরা।
“আমাদের বিশ্বাস লোকজন ব্যক্তিগত গাড়িতে করেও শহর ছাড়তে পারবে। এভাবে বাস ও ব্যক্তিগত গাড়িতে করে মোট ৭ থেকে ৯ হাজার মানুষ এখান থেকে বের হয়ে যেতে পারবে যদি যুদ্ধবিরতি হয়।
“রাশিয়ার সেনারা রেলসড়ক অবকাঠামো ধ্বংস করার কারণে কোনো ট্রেন আর চলাচল করছে না। যুদ্ধবিরতি আগামীকাল পর্যন্ত বজায় রাখা যায় কিনা তা নিয়ে কাজ করছি আমরা, তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি পাইনি।
“চার দিন ধরে শহরটিতে কোনো অবকাঠামো নেই, তাই মানুষের কাছে তথ্য পৌঁছানো কঠিন,” বলেন তিনি।
মারিওপোল ইউক্রেইনের একটি বড় বাণিজ্য কেন্দ্র। শহরটিতে প্রায় সাড়ে চার লাখ মানুষ বসবাস করছিল। রাশিয়া-ক্রিমিয়ে স্থলপথের ওপর অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর এটি।
গত কয়েকদিন ধরে রাশিয়ার সেনারা শহরটি অবরোধ করে রেখেছে। শহরটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো শহরের ঘর উষ্ণ রাখার ব্যবস্থা, পানি সরবরাহ ও যোগাযোগ বন্ধ হয়ে আছে। পেট্রল পাম্পগুলোতে কোনো জ্বালানি নেই।
টানা তীব্র গোলাবর্ষণে শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোকজন ঠাণ্ডা, আন্ধকারাচ্ছন্ন ভবনগুলো থেকে বের হয়ে আসছে বলে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন।
আরও পড়ুন:
