পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইউক্রেইনীয়দের দুষল রাশিয়া
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেপোরোজিয়ায় হামলার জন্য ইউক্রেইনীয় নাশকতাকারীদের দায়ী করেছে রাশিয়া।
শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই হামলাকে ‘দানবীয় উস্কানি’ বলে অভিহিত করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইন বলেছে, শুক্রবার ভোরে রাশিয়ার বাহিনীগুলো বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালিয়েছে আর তাতে সংলগ্ন পাঁচতলা প্রশিক্ষণ ভবনে আগুন ধরে যায়। এই ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলোও মস্কোর নিন্দা জানিয়েছে।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের অষ্টম দিনে ঘটা এ ঘটনার বিষয়ে মস্কো বা কিয়েভ, কারও ভাষ্যই রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখতে পারেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ জানিয়েছেন, পারমাণবিক কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে আর এর সংলগ্ন এলাকাটি ২৮ ফেব্রুয়ারি থেকেই রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
“তারপরও গত রাতে বিদ্যুৎকেন্দ্রটির সংলগ্ন অঞ্চল থেকে কিয়েভের জাতীয়তাবাদী জান্তা একটি দানবীয় উস্কানি দেওয়ার চেষ্টা করেছে,” বলেন কনাশেনকভ।
তিনি বলেন, “৪ মার্চ রাত প্রায় ২টায় জাপারোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সুরক্ষিত অঞ্চলে টহল চলার সময় ন্যাশনাল গার্ডের একটি টহল দলের ওপর হামলা চালায় ইউক্রেইনের একটি নাশকতাকারী গোষ্ঠী।
“ভবনটিতে পাল্টা গুলি চালানোর উস্কানি দেওয়া হয়। বিদ্যুৎকেন্দ্রটির সামনের একটি প্রশিক্ষণ কমপ্লেক্সের কয়েকটি তলার জানালা দিয়ে রাশিয়ার ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হাল্কা অস্ত্র দিয়ে ব্যাপক গুলিবর্ষণ করা হয়।”
তিনি জানান, হামলা প্রতিহত করতে রাশিয়ার টহল দলটি পাল্টা গুলি চালায়, এতে ‘নাশকতাকারী গোষ্ঠীটি’ প্রশিক্ষণ কমপ্লেক্সটি ছেড়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সেখানে আগুন লাগিয়ে দিয়ে যায়।
রয়টার্স বলছে, ঘটনার ইউক্রেইনীয় বর্ণনার পুরোপুরি বিপরীত রাশিয়ার এ ভাষ্য।
রয়টার্স জানিয়েছে, তারা ওই বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া একটি ভিডিও যাচাই করে দেখেছে, তাতে ভবনটিতে আগুন জ্বলতে ও সেদিকে এক পশলা গোলা আসতে দেখা গেছে; এরপর দুত্যিময় একটি গোলকে আকাশ আলো হয়ে যায়, তারপর সেটি একটি কারপার্কের পাশে বিস্ফোরতি হলে পুরো কম্পাউন্ড ধোঁয়ায় ছেয়ে যায়।
