২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লড়াই থেমেছে: মেয়র

ইউক্রেইনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চলা লড়াই এখন বন্ধ আছে বলে জানিয়েছেন নিকটবর্তী শহর এনারহোদার মেয়র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 11:33 AM

Updated : 28 Apr 2022, 11:47 PM

আগ্রাসী রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেইনের সৈন্যদের তুমুল লড়াইয়ের মধ্যে গোলার আঘাতে ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেটিতে আগুন লেগে গিয়েছিল।

পরে ওই কেন্দ্রের রিঅ্যাক্টরগুলো নিরাপদে বন্ধ করে দিয়ে বিপুল আকারের কনটেইনমেন্ট পরিকাঠামোর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয় যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী জেনিফার গ্র্যানহোম জানান।

প্ল্যান্টেরও বড় ধরনের ক্ষতি হয়নি জানিয়ে ওই কেন্দ্রের মুখপাত্র আন্দ্রেই তুজ সিএনএনকে বলেছেন, তাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ইউক্রেইন কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বাহিনী শুক্রবার ভোরের দিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের জন্য আক্রমণ করার পর একটি জেনারেটিং ইউনিটে গোলা এসে পড়ে এবং একটি অংশে আগুন ধরে যায়।

দমকল কর্মীরা এখন জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে এখন প্রবেশ করতে পারছেন বলে বিবিসি জানিয়েছে।

এনারহোদার মেয়র দিমিত্রো অরলোভ একটি গণমাধ্যমকে জানিয়েছেন, পারমাণবিক কেন্দ্রটিতে দুই পক্ষের লড়াই এখন বন্ধ হয়েছে। 

এর আগে বিদ্যুৎকেন্দ্রটিতে কয়েক ঘণ্টা ধরে টানা গোলা হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইউক্রেইনের জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, লড়াই চলাকালে সম্ভবত গোলার আঘাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির একটি ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগে গিয়েছিল।

তারা জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আগুন ছড়িয়ে পড়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, এমন আশঙ্কা দেখা দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসার খবরে ওই এলাকার লোকজন এবং অন্যান্য সবাই ঝুঁকি মুক্ত হওয়ার স্বস্তি অনুভব করেন।